যুক্তরাজ্যে ত্বকের ক্যানসার মেলানোমা রোগী রেকর্ড উচ্চতায়

27

যুক্তরাজ্যে সবচেয়ে গুরুতর ধরনের ত্বকের ক্যানসার মেলানোমার রোগীর সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। ক্যানসার গবেষণা সংস্থা Cancer Research UK জানিয়েছে, ২০২২ সালে দেশটিতে প্রথমবারের মতো ২০ হাজারের বেশি মানুষ মেলানোমায় আক্রান্ত হয়েছেন। মোট শনাক্ত রোগীর সংখ্যা ছিল ২০ হাজার ৯৮০ জন।

সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, ২০৪০ সালের মধ্যে যুক্তরাজ্যে প্রতিবছর নতুন মেলানোমা রোগীর সংখ্যা ২৬ হাজার ৫০০-তে পৌঁছাতে পারে। বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত সূর্যের অতিবেগুনি রশ্মি এবং সানবার্ন এই ক্যানসারের প্রধান কারণ।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, রোদে বের হলে সানস্ক্রিন ব্যবহার, শরীর ঢেকে রাখা এবং ছায়ায় থাকার অভ্যাস গড়ে তুলতে হবে। ত্বকে নতুন তিল, ক্ষত বা অস্বাভাবিক পরিবর্তন দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।