ইরানের ১৪ দফা নতুন প্রস্তাব

56

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রকে ফের ১৪ দফা প্রস্তাব পাঠিয়েছে ইরান। এই প্রস্তাবগুলো যুক্তরাষ্ট্র পর্যালোচনা করছে বলে জানা গেছে। কী আছে এই প্রস্তাবে জেনে নেওয়া যাক।

ইরানি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তেহরানের নতুন ১৪ দফা প্রস্তাব ওয়াশিংটন-সমর্থিত ৯ দফা শান্তি প্রস্তাবের জবাবে এসেছে, যেখানে মূলত দুই মাসের যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল।

তবে সর্বশেষ প্রস্তাবে ইরান জানিয়েছে, তারা যুদ্ধবিরতি দীর্ঘায়িত করার পরিবর্তে যুদ্ধের সমাপ্তির দিকে মনোযোগ দিতে চায় এবং ৩০ দিনের মধ্যে সব বিষয় নিষ্পত্তি করতে চায়।

নতুন প্রস্তাবে ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা, ইরানের আশপাশ থেকে মার্কিন সেনা প্রত্যাহার, বিলিয়ন ডলারের ইরানি সম্পদ মুক্ত করা ও নিষেধাজ্ঞা তুলে নেওয়া, যুদ্ধের ক্ষতিপূরণ, লেবাননসহ সব ধরনের সংঘাত বন্ধ করা এবং হরমুজ প্রণালির জন্য নতুন ব্যবস্থাপনার কথা বলা হয়েছে।

গত জুনেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শিকার হওয়া ইরান ভবিষ্যতে আগ্রাসন থেকে সুরক্ষার নিশ্চয়তা চায়। এর আগে ইসরায়েল ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের লক্ষ্যবস্তু করেছে এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলো নাশকতার চেষ্টা চালিয়েছে।

এছাড়া, পারমাণবিক অস্ত্র বিস্তাররোধ চুক্তির (এনপিটি) স্বাক্ষরকারী হিসেবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার নিশ্চিত করতে চায় তেহরান। কিন্তু ট্রাম্প এই পারমাণবিক বিষয়টিকে “লাল রেখা” হিসেবে ঘোষণা করেছেন। বহু বছরের নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারের জন্য ইরান এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। প্রণালী দিয়ে নৌ চলাচল এবং যুদ্ধক্ষতিপূরণের বিষয়গুলোও আলোচনায় বড় বাধা হয়ে রয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা আইআরআইবির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি দেওয়ার পর উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেন, “এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব যুক্তরাষ্ট্রের তারা কূটনীতির পথ বেছে নেবে, নাকি সংঘাতের পথেই এগোবে।”

কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সরকারবিষয়ক সহযোগী অধ্যাপক পল মাসগ্রেভ বলেন, ইরান তাদের প্রস্তাবে “কিছুটা নমনীয়তা” দেখিয়েছে।