ইংল্যান্ডে হাজারো ক্যান্সার রোগীর জন্য চালু হয়েছে নতুন ইমিউনোথেরাপি ইনজেকশন Pembrolizumab, যা মাত্র ১–২ মিনিটেই দেওয়া সম্ভব। আগে এই ওষুধ শিরায় (ড্রিপের মাধ্যমে) দিতে প্রায় দুই ঘণ্টা সময় লাগত।
এই ইনজেকশনটি শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে ক্যান্সার কোষ ধ্বংস করতে সাহায্য করে, বিশেষ করে PD-1 নামের একটি প্রোটিন ব্লক করার মাধ্যমে।
যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্যসেবা সংস্থা (NHS) জানিয়েছে, বর্তমানে প্রায় ১৪ হাজার রোগী এই নতুন পদ্ধতি থেকে উপকৃত হবেন। প্রতি বছর এটি ব্যবহারের ফলে চিকিৎসা প্রস্তুতি ও সময় মিলিয়ে ১ লাখ ঘণ্টারও বেশি সময় সাশ্রয় হবে।
নতুন এই পদ্ধতিতে রোগীদের হাসপাতালে কম সময় থাকতে হবে, ফলে তাদের জীবনযাপন সহজ হবে এবং চিকিৎসকদেরও আরও বেশি রোগী দেখার সুযোগ তৈরি হবে।















