২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৪০ দিন বাকি থাকলেও ইরান দলের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে, আর এ অবস্থায় ইরান ফুটবল ফেডারেশন শিগগিরই ফিফা-র সঙ্গে বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছে।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদী তাজ জানিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফিফার সঙ্গে আলোচনা হবে এবং এই বৈঠকেই বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।
সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভার-এ অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিতে গিয়ে টরন্টো বিমানবন্দরে ইমিগ্রেশন জটিলতার কারণে ইরানের প্রতিনিধিদল ফিরে আসে। এ ঘটনাও পরিস্থিতিকে আরও জটিল করেছে।
এদিকে ইএসপিএনের তথ্য অনুযায়ী, ফিফার মহাসচিব মাটিয়াস গ্রাফস্ট্রম আগামী ২০ মের মধ্যে সুইজারল্যান্ডের জুরিখে আলোচনার জন্য ইরানকে আমন্ত্রণ জানিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ইরান যুক্তরাষ্ট্রে খেলতে অনীহা জানিয়ে ভেন্যু পরিবর্তনের আবেদন করলেও ফিফা তা নাকচ করে দিয়েছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একাধিকবার জানিয়েছেন, ইরান নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে।
সূচি অনুযায়ী, গ্রুপ ‘জি’-তে থাকা ইরান ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। এরপর ২১ জুন বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে।














