আন্তর্জাতিক জলসীমায় ইরান-এর বেসামরিক জাহাজ ‘তোস্কা’-তে যুক্তরাষ্ট্র-এর হামলা জাতিসংঘ সনদের ২ নম্বর অনুচ্ছেদের ৪ নম্বর ধারা লঙ্ঘন এবং স্পষ্ট যুদ্ধাপরাধ বলে মত দিয়েছেন কয়েকজন আইন বিশেষজ্ঞ। মেহের নিউজ-এ প্রকাশিত আইনজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মতামতে এ অভিমত উঠে আসে।
আইন বিশেষজ্ঞ অধ্যাপক কামাল রউফ বলেন, আন্তর্জাতিক জলসীমায় বেসামরিক জাহাজে হামলা নৌ চলাচলের স্বাধীনতার নীতি লঙ্ঘন এবং বল প্রয়োগ থেকে বিরত থাকার আন্তর্জাতিক বাধ্যবাধকতার পরিপন্থী। তিনি জানান, ইরানের পতাকাবাহী জাহাজটি কোনো হুমকি সৃষ্টি না করলেও হামলা চালানো হয়েছে, যা দেশটির সার্বভৌমত্বে আঘাত হিসেবে বিবেচিত হতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলেন, বেসামরিক নাবিকদের আটক করা জেনেভা কনভেনশন এবং আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। পাশাপাশি ১৯৮২ সালের সমুদ্র আইন কনভেনশন এবং ১৯৫৮ সালের জেনেভা কনভেনশনের ধারাও লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ ওঠে।
তারা এ ঘটনার তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক আইন ব্যবস্থার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।















