গ্রীষ্মের ছুটি এবার যুক্তরাজ্যেই কাটাতে হচ্ছে ব্রিটিশদের

135

ইরান যুদ্ধের প্রভাবে বিমান চলাচলে অনিশ্চয়তা তৈরি হওয়ায় এ গ্রীষ্মে বিদেশের বদলে যুক্তরাজ্যের ভেতরেই ছুটি কাটানোর দিকে ঝুঁকছেন অনেক ব্রিটিশ নাগরিক। পর্যটন ও হলিডে পার্ক কোম্পানিগুলো জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশীয় ছুটির বুকিং উল্লেখযোগ্য হারে বেড়েছে।

হলিডে পার্ক অপারেটর লোভাটের প্রধান নির্বাহী রাউল ফ্রেসার জানান, গত সপ্তাহে জেট জ্বালানি ঘাটতির সতর্কতার পর তাদের ওয়েবসাইটে ভিজিট বেড়েছে এবং এ বছর বুকিং ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

হলিডে পার্ক কোম্পানি ল্যান্ডল ইউকের ব্যবস্থাপনা পরিচালক জেরেমি হিপকিস জানান, ভ্রমণকারীরা এখন বাড়ির কাছাকাছি গাড়ি বা গণপরিবহনে সহজে পৌঁছানো যায়—এমন গন্তব্য বেছে নিচ্ছেন। বিশেষ করে কর্নওয়াল , স্কটল্যান্ড ও লিংকনশায়ার -এর পার্কগুলো বেশি জনপ্রিয় হচ্ছে।

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সংকটের আশঙ্কা বাড়ছে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সির প্রধান ফাতিহ বিরল সতর্ক করেছেন, তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক না হলে আগামী সপ্তাহগুলোতে ইউরোপে ফ্লাইট বাতিল হতে পারে।

এছাড়া ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এসোসিয়েশন -এর মহাপরিচালক উইলি ওয়ালশ জানান, মে মাসের শেষ থেকে জেট জ্বালানি ঘাটতির কারণে ইউরোপে ফ্লাইট বাতিলের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে রায়ান এয়ার -এর প্রধান নির্বাহী মাইকেল ওলিয়ারি সতর্ক করে বলেছেন, জ্বালানি সরবরাহে কুয়েতের ওপর নির্ভরতার কারণে যুক্তরাজ্য বেশি ঝুঁকিতে রয়েছে।

এছাড়া নতুন ইউ এন্ট্রি এক্সিট সিস্টেম চালুর ফলে ইউরোপীয় সীমান্তে দীর্ঘ বিলম্বও বিদেশ ভ্রমণে আগ্রহ কমিয়ে দিচ্ছে। ইতোমধ্যে মিলান থেকে ম্যানচেস্টারগামী একটি ইজিজেট ফ্লাইটে বিলম্বের কারণে ১০০-র বেশি যাত্রী ফ্লাইট মিস করেছেন।