যুক্তরাষ্ট্র ছাড়াই নিজস্ব পারমাণবিক প্রতিরোধ গড়তে হবে যুক্তরাজ্যকে: এড ডেভি

106

যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে নিজস্ব পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা গড়তে হবে যুক্তরাজ্যকে বলবেন এড ডেভি। লিবারেল ডেমোক্র্যাট নেতা এড ডেভি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকায় যুক্তরাষ্ট্রের ওপর আর আগের মতো নির্ভর করা সম্ভব নয়। তাই যুক্তরাজ্যের উচিত সম্পূর্ণ স্বাধীন পারমাণবিক প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা।

রবিবার দলের বসন্ত সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি বলবেন, ব্রিটেনের পারমাণবিক অস্ত্র দেশেই তৈরি ও রক্ষণাবেক্ষণ করা উচিত যদিও এতে বিলিয়ন বিলিয়ন পাউন্ড খরচ হবে।

বর্তমানে যুক্তরাজ্যের ট্রাইডেন্ট পারমাণবিক কর্মসূচি অনেকটাই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। ক্ষেপণাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রে তৈরি হয় এবং নিয়মিত সেখানে রক্ষণাবেক্ষণের জন্য পাঠাতে হয়। ফলে শেষ পর্যন্ত ব্রিটেনের পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা যুক্তরাষ্ট্রের সদিচ্ছার ওপর নির্ভরশীল।

ডেভির মতে, ট্রাম্প ইউরোপের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সমর্থনকে শর্তসাপেক্ষ করে তুলেছেন। তিনি বলেন, ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ট্রাম্পের মতো কেউ আসতে পারে এই ঝুঁকির ওপর দেশের নিরাপত্তা নির্ভর করতে পারে না।

তিনি আরও বলেন, ট্রাম্পের গ্রিনল্যান্ড অধিগ্রহণের হুমকি এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে কঠোর অবস্থান না নেওয়া যুক্তরাষ্ট্রকে অনির্ভরযোগ্য মিত্র হিসেবে তুলে ধরেছে।

তবে সম্পূর্ণ স্বাধীন পারমাণবিক সক্ষমতা গড়ে তুলতে আগামী দুই দশকে বিপুল ব্যয় হবে বলে তিনি স্বীকার করেছেন। তার মতে, এই অর্থ যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা শিল্পে না দিয়ে ব্রিটেনের বিজ্ঞান, প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগ করা উচিত।

লিবারেল ডেমোক্র্যাটরা এখনও বহুপাক্ষিক পারমাণবিক নিরস্ত্রীকরণের পক্ষে থাকলেও, বিশ্ব বাস্তবতায় রাশিয়ার বিশাল পারমাণবিক অস্ত্রভাণ্ডারের কারণে শক্তিশালী প্রতিরোধ বজায় রাখা জরুরি বলে মনে করেন ডেভি।