যুক্তরাজ্যে ইইউ পাসপোর্টেই ঢুকতে পারবেন কিছু দ্বৈত নাগরিক

102


হোম অফিসের ইউ-টার্নে কিছু দ্বৈত নাগরিক ইইউ পাসপোর্টে যুক্তরাজ্যে প্রবেশের সুযোগ পাচ্ছেন। 
ব্রেক্সিট-পরবর্তী সেটেলমেন্ট স্ট্যাটাস থাকা ইইউ নাগরিকদের আর যুক্তরাজ্যে ফিরতে ব্রিটিশ পাসপোর্ট দেখাতে হবে না এমন সিদ্ধান্ত জানিয়েছে যুক্তরাজ্যের হোম অফিস। বিতর্কিত সীমান্ত নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে এই ইউ-টার্ন নেওয়া হয়েছে।

এর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হওয়া নিয়ম অনুযায়ী, ব্রিটিশ দ্বৈত নাগরিকদের যুক্তরাজ্যে বিমানে ওঠার আগে ব্রিটিশ পাসপোর্ট বা £৫৮৯ মূল্যের ‘সার্টিফিকেট অব এনটাইটেলমেন্ট’ দেখাতে হতো। এতে হাজারো মানুষ ভোগান্তিতে পড়েন, বিশেষ করে যারা নাগরিকত্ব পেলেও এখনও ব্রিটিশ পাসপোর্ট পাননি।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইইউ সেটেলমেন্ট স্কিমের মাধ্যমে যুক্তরাজ্যে বসবাসের পর যারা ব্রিটিশ নাগরিক হয়েছেন, তারা বৈধ অন্য দেশের পাসপোর্ট বা ইইউ, নরওয়ে, আইসল্যান্ড, লিশটেনস্টাইন কিংবা সুইজারল্যান্ডের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে যুক্তরাজ্যে ভ্রমণ করতে পারবেন।

সমালোচকদের দাবি, এই পরিবর্তনের তথ্য সরকার গোপনে ওয়েবসাইটে প্রকাশ করেছে। অনেক দ্বৈত নাগরিক ক্ষোভ প্রকাশ করেছেন, কারণ এতদিন তারা কার্যত দেশে ফিরতে পারছিলেন না। অভিবাসনমন্ত্রী মাইক ট্যাপ অবশ্য হোম অফিসের যোগাযোগব্যবস্থা নিয়ে সমালোচনাকে “অযৌক্তিক” বলে মন্তব্য করেছেন।