ব্যাংক অব ইংল্যান্ডের জারি করা নোটগুলো ৫০ বছরেরও বেশি সময় পর প্রথম বড় ধরনের পুনর্নকশার মুখে পড়তে যাচ্ছে। ১৯৭০ সাল থেকে এসব নোটে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তিত্বদের ছবি ব্যবহার করা হয়ে আসছে যেমন বর্তমান £৫ নোটে থাকা উইনস্টন চার্জহিল এর ছবি তবে নতুন নকশায় এগুলো পরিবর্তিত হতে পারে।
নতুন নোটের জন্য প্রকৃতি, উদ্ভাবন বা ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ বিভিন্ন থিম নিয়ে জনগণের মতামত চাওয়া হচ্ছে। এর ফলে ভবিষ্যতের £৫, £১০, £২০ ও £৫০ নোটে ব্রিটিশ পাখি, সেতু কিংবা ঐতিহ্যবাহী খাবার এর মতো বিষয়ও থাকতে পারে।
এই জনপরামর্শ প্রক্রিয়া ব্যাংক অব ইংল্যান্ডের পরবর্তী সিরিজের নোটের জন্য করা হচ্ছে, যেখানে রাজা বা রাজার প্রতিকৃতিও আগের মতোই থাকবে। মানুষ ব্যাংকের ওয়েবসাইটে অনলাইন ফর্মের মাধ্যমে বা ডাকযোগে জুলাইয়ের শেষ পর্যন্ত মতামত জানাতে পারবেন।
নোটে ঠিক কী থাকবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ব্যাংকের গভর্নর। বর্তমানে প্রায় ৪.৭ বিলিয়ন ব্যাংক অব ইংল্যান্ডের নোট প্রচলনে রয়েছে, যার মোট মূল্য প্রায় ৮৬ বিলিয়ন পাউন্ড।
ডিজিটাল পেমেন্ট প্রযুক্তির বিস্তারের কারণে নগদ ব্যবহারের হার কমে মোট লেনদেনের প্রায় ১২ শতাংশে নেমে এসেছে। তবে ব্যাংক অব ইংল্যান্ড জানিয়েছে, যারা নগদ ব্যবহার করতে চান তাদের জন্য নগদ অর্থের ব্যবস্থা চালু রাখার ব্যাপারে তারা প্রতিশ্রুতিবদ্ধ।















