যুক্তরাজ্যে অ্যাসাইলাম আপিলের জট এক বছরে প্রায় দ্বিগুণ

53

যুক্তরাজ্যের হোম অফিসের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, অ্যাসাইলাম প্রার্থনার আপিলের জট এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৫ সালের শেষ নাগাদ প্রাথমিক আবেদন বাতিল হওয়ার পর পুনর্বিবেচনার অপেক্ষায় থাকা মানুষের সংখ্যা ৮০ হাজারেরও বেশি, যা আগের বছরের তুলনায় ৯১% বেশি। এতে করে স্টারমারের এর সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার বাস্তবায়ন হুমকির মুখে পড়তে পারে।

বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষ পর্যন্ত আপিলের অপেক্ষায় থাকা মামলার সংখ্যা ৮০ হাজারের বেশি। এই সংখ্যা প্রাথমিক সিদ্ধান্তের অপেক্ষায় থাকা মানুষের সংখ্যাকেও ছাড়িয়ে গেছে; ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সেই সংখ্যা ছিল প্রায় ৬৪ হাজার।

প্রধানমন্ত্রী স্টারমার প্রতিশ্রুতি দিয়েছেন যে ২০২৯ সালের মধ্যে বা তার আগেই তথাকথিত “অ্যাসাইলাম হোটেল” বন্ধ করা হবে। এসব হোটেল হোম অফিস ভাড়া করে অ্যাসাইলাম প্রার্থীদের থাকার জন্য ব্যবহার করে।

যারা আপিলের অপেক্ষায় থাকেন, তাদের দেশ থেকে ফেরত পাঠানো যায় না। যদি তারা নিঃস্ব হন, তাহলে তাদের থাকার ব্যবস্থা করে হোম অফিস, যা সাধারণত “কনটিনজেন্সি অ্যাকোমোডেশন” সাম্প্রতিক বছরগুলোতে যা মূলত হোটেলেই হয়েছে।

বর্তমানে একটি আপিল শুনানির গড় সময় বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৬৩ সপ্তাহে। আপিলের অপেক্ষায় থাকা অধিকাংশ মানুষই হোম অফিসের আবাসন বিশেষ করে হোটেলে থাকছেন।

পরিসংখ্যানে দেখা যায়, প্রায় দুই-তৃতীয়াংশ আপিলে প্রাথমিক অ্যাসাইলাম প্রত্যাখ্যানের সিদ্ধান্ত পাল্টে যায় কখনও ট্রাইব্যুনালের রায়ে, আবার কখনও হোম অফিস নিজেই প্রত্যাখ্যানের সিদ্ধান্ত প্রত্যাহার করে।

২০২৫ সালের ডিসেম্বরের শেষে প্রায় ৩১ হাজার অ্যাসাইলাম প্রার্থী হোটেলে ছিলেন। এটি ২০২৫ সালের সেপ্টেম্বরের শেষের তুলনায় প্রায় ৫ হাজার কম হলেও, স্টারমার ক্ষমতায় আসার সময়ের তুলনায় এখনও প্রায় ১ হাজার বেশি।