প্রথমবারের মতো ভাষণ দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

86

প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বৃহস্পতিবার (১২ মার্চ) তিনি প্রথমবারের মতো লিখিত ভাষণ দেন। এতে শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন তিনি।

ভাষণে মোজতবা খামেনি বলেন, ইরান তার শহীদদের রক্তের প্রতিশোধ নেওয়া থেকে বিরত থাকবে না। হরমুজ প্রণালি বন্ধ করার সক্ষমতা ইরানের হাতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার, এটি সংরক্ষণ করা উচিত। প্রয়োজনে ইরান আরও নতুন ফ্রন্ট খুলতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং কেবল সেই সব সামরিক ঘাঁটিকেই লক্ষ্যবস্তু করবে যেখান থেকে তাদের বিরুদ্ধে হামলা চালানো হয়।

ভাষণে তিনি দেশটির সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। খামেনি বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা এমন এক সময়ে দুর্দান্ত কাজ করছেন যখন আমাদের দেশ চাপ এবং আক্রমণের মুখে রয়েছে।

সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। আঘাতের কারণেই তিনি প্রকাশ্যে আসছেন না বলে ধারণা করা হচ্ছে।