সাইফ হাসান: লন্ডনের মেট্রোপলিটন পুলিশের একজন অভিজ্ঞ সার্জেন্ট ম্যাট স্কেল্ট অসুস্থতার দোহাই দিয়ে দীর্ঘ মেয়াদী ছুটিতে থাকাকালীন নিজের ব্যক্তিগত পিৎজা ব্যবসা চালানোয় চাকরি হারিয়েছেন। দীর্ঘ ৩৪ বছর পুলিশ বাহিনীতে সেবা দেওয়ার পরও তার বিরুদ্ধে এমন গুরুতর অসদাচরণের অভিযোগ প্রমাণিত হয়েছে। তদন্তে দেখা গেছে তিনি যখন অসুস্থ বলে অফিসে অনুপস্থিত ছিলেন ঠিক সেই সময়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পিৎজা ব্যবসার প্রচারণা চালাচ্ছিলেন। বিভাগীয় শুনানির পর কর্তৃপক্ষ তাকে অবিলম্বে বরখাস্ত করার সিদ্ধান্ত নেয়।
লন্ডনের সাটন এলাকার একটি ডিসিপ্লিনারি হিয়ারিংয়ে জানানো হয় যে সার্জেন্ট ম্যাট স্কেল্ট একজন দক্ষ আগ্নেয়াস্ত্র কর্মকর্তা ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন তবে সেই সময়েই তিনি নিজের মোবাইল পিৎজা সার্ভিসের কাজ চালিয়ে যাচ্ছিলেন। প্যানেলের প্রধান অ্যাসিস্ট্যান্ট কমিশনার র্যাচেল উইলিয়ামস বলেন স্কেল্ট নিজের ব্যবসা চালানোর মতো সুস্থ থাকলেও জনগণের সেবা করার মতো অবস্থায় ছিলেন না।
ম্যাট স্কেল্ট আদালতে যুক্তি দেন যে তিনি কেবল অবসরের প্রস্তুতি হিসেবে এই ব্যবসাটি শুরু করেছিলেন। আগে থেকেই তার এই ব্যবসার অনুমতি নেওয়া ছিল কিন্তু ২০২৫ সালের আগস্ট মাসে এক চিঠির মাধ্যমে সেই অনুমতি বাতিল করা হয়। কারণ হিসেবে বলা হয় যে তার এই ব্যবসা অসুস্থতা থেকে সেরে ওঠার প্রক্রিয়ার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
ট্রাইব্যুনালে প্রমাণের জন্য তার ব্যবসার সোশ্যাল মিডিয়া পোস্টগুলো তুলে ধরা হয়। সেখানে দেখা যায় সেপ্টেম্বর মাসে তিনি বিভিন্ন অনুষ্ঠানে পিৎজা বিক্রি করেছেন এবং একটি পাবের বাইরে সপ্তাহে দুই দিন কাজ করেছেন। এমনকি বড়দিনের বাজারেও তাকে নিজের প্রতিষ্ঠানের প্রচারণা চালাতে দেখা গেছে যা পুলিশের নিয়মকানুনের পরিপন্থী।
নিজের আত্মপক্ষ সমর্থনে স্কেল্ট বলেন যে তিনি খুব কঠিন একটি পরিস্থিতির মধ্যে ছিলেন। তিনি বুঝতে পারছিলেন না যে আদেশ মেনে চলবেন নাকি নিজের অবসরের পরের জীবনের জন্য আয়ের ব্যবস্থা করবেন। তবে শেষ রক্ষা হয়নি এবং তাকে মেট পুলিশ থেকে স্থায়ীভাবে সরিয়ে দেওয়া হয়েছে।
#aknews #onebanglanews #metpolice #londonnews #pizzabusiness















