সাইফ হাসান: লন্ডনের পপলার এলাকার একটি পার্ক থেকে কিংবদন্তি বক্সার টেডি বলডকের ব্রোঞ্জ মূর্তিটি চু*রি হয়ে গেছে। গত রবিবার রাতে চারজন কালো পোশাক পরা ব্যক্তি একটি কার্গো সাইকেলে করে এই শিল্পকর্মটি নিয়ে চম্পট দেয়। সিসিটিভি ফুটেজে এই অপরাধের দৃশ্য ধরা পড়ার পর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পপলারের গৌরব হিসেবে পরিচিত এই বক্সারের পরিবারের সদস্যরা এমন ন্যাক্কারজনক ঘটনায় তীব্র ক্ষোভ ও দুঃখ প্রকাশ করেছেন।
পূর্ব লন্ডনের পপলার এলাকার ল্যাংডন পার্কে এই চুরির ঘটনাটি ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অভিযুক্তরা মূর্তির মূল অংশটি উপড়ে ফেলে একটি কার্গো সাইকেলে করে নিয়ে যাচ্ছে এবং সেখানে শুধু বক্সিং বুট জোড়া পড়ে রয়েছে। পুলিশ জানায়, গত রবিবার রাত আটটার দিকে তারা মূর্তির চুরির খবর পান এবং অভিযুক্তরা ব্রোমলি-বাই-বো আন্ডারগ্রাউন্ড স্টেশনের দিকে পালিয়ে গেছে।
টেডি বলডক ১৯২৭ সালে মাত্র ১৯ বছর বয়সে সর্বকনিষ্ঠ ব্রিটিশ বক্সিং চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড গড়েছিলেন। তাকে পপলারের গর্ব হিসেবে গণ্য করা হয় এবং জনসাধারণের অর্থায়নে ২০১৪ সালে পার্কে তার এই মূর্তিটি স্থাপন করা হয়েছিল। ইনজুরির কারণে ক্যারিয়ার শেষ হওয়ার পর তিনি চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটিয়েছেন এবং ১৯৭১ সালে প্রায় হোমলেস অবস্থায় মারা যান।
টেডি বলডকের নাতি মার্টিন স্যাক্স এই ঘটনায় অত্যন্ত ভেঙে পড়েছেন এবং ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান যে, এই মূর্তিটি তৈরির জন্য অর্থ সংগ্রহ করা ছিল এক বিশাল কাজ। তার ধারণা, মূর্তির ঐতিহাসিক গুরুত্ব না বুঝে এটি স্রেফ ভাঙারি হিসেবে বিক্রির উদ্দেশ্যে চুরি করা হয়েছে যা খুবই হতাশাজনক।
টাওয়ার হ্যামলেটসের পুলিশ কর্মকর্তা অলিভার রিকটার এই ঘটনাকে স্থানীয় সম্প্রদায়ের জন্য অত্যন্ত পীড়াদায়ক বলে অভিহিত করেছেন। তিনি সাধারণ মানুষকে আশ্বস্ত করে বলেছেন যে দায়ীদের শনাক্ত করতে সব ধরনের সিসিটিভি ফুটেজ ও তথ্য যাচাই করা হচ্ছে। ঘটনার সাথে জড়িতদের ধরিয়ে দিতে কারো কাছে কোনো তথ্য থাকলে দ্রুত পুলিশের সাথে যোগাযোগের জন্য তারা আপিল করেছেন।
#লন্ডননিউজ #বক্সিং #মূর্তিচুরি #aknews #onebanglanews















