ইউরোপের আপেলে মিলল বিষাক্ত কীটনাশকের ককটেল,স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষ

41

সাইফ হাসান: ইউরোপের বাজারে বিক্রি হওয়া আপেল নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছে একটি পরিবেশবাদী সংগঠন। গবেষণায় দেখা গেছে সেখানকার ৮৫ শতাংশ আপেলেই একাধিক বিষাক্ত কীটনাশকের উপস্থিতি রয়েছে। কোনো কোনো আপেলে সাত ধরনের পর্যন্ত ক্ষতিকর রাসায়নিক পাওয়া গেছে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হতে পারে। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন আপেল খাওয়ার আগে অবশ্যই খোসা ছাড়িয়ে নিতে অথবা অর্গানিক ফল কিনতে।

প্যান ইউরোপ নামের একটি সংগঠন ফ্রান্স, স্পেন, ইতালি ও পোল্যান্ডসহ ইউরোপের ১৩টি দেশ থেকে আপেলের নমুনা সংগ্রহ করে এই পরীক্ষা চালিয়েছে। তাদের ফলাফলে দেখা গেছে, অধিকাংশ আপেলেই একাধিক কীটনাশকের অবশিষ্টাংশ রয়ে গেছে। কিছু কিছু নমুনায় সাতটি ভিন্ন ভিন্ন রাসায়নিক পদার্থের খোঁজ মিলেছে যা একযোগে শরীরে প্রবেশ করছে।

পরীক্ষায় ৭১ শতাংশ আপেলে এমন সব বিপজ্জনক কীটনাশক পাওয়া গেছে যা ইউরোপীয় ইউনিয়ন ভবিষ্যতে নিষিদ্ধ করার তালিকায় রেখেছে। এছাড়া ৬৪ শতাংশ নমুনায় ‘ফরএভার কেমিক্যাল’ বা পিএফএএস-এর উপস্থিতি ধরা পড়েছে। এগুলো পরিবেশ ও মানবদেহের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন।

মার্টিন ডারমাইন নামের এক কর্মকর্তা সতর্ক করে বলেছেন, একাধিক রাসায়নিকের এই মিশ্রণ বা ‘ককটেল ইফেক্ট’ ক্যানসার ও বন্ধ্যত্বের মতো রোগের ঝুঁকি বাড়াতে পারে। তিনি অভিযোগ করেন, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি রাসায়নিক আলাদাভাবে পরীক্ষা করলেও সবগুলোর মিশ্রিত প্রভাব সঠিকভাবে যাচাই করছে না।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই একই আপেল যদি শিশুদের খাবার বা বেবি ফুড হিসেবে ব্যবহার করা হতো তবে ৯৩ শতাংশই নিষিদ্ধ হতো। কারণ শিশুদের খাবারের জন্য নির্ধারিত সুরক্ষা নিয়ম অনেক বেশি কঠোর। ইউরোপে আপেল চাষে ফাঙ্গাস বা ছত্রাক দমনে বছরে গড়ে ৩৫ বার পর্যন্ত কীটনাশক ব্যবহার করা হয়।

#EuropeNews #HealthAlert #Pesticides #aknews #onebanglanews