লন্ডনের সুইমিং পুলে ট্রান্সজেন্ডারদের প্রবেশ নিয়ে করা মামলা খারিজ করল হাইকোর্ট

27

সাইফ হাসান: লন্ডনের হ্যাম্পস্টেড হিথ পুকুরে ট্রান্সজেন্ডারদের প্রবেশাধিকার নিয়ে করা একটি আইনি চ্যালেঞ্জ হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সে*ক্স ম্যাটারস নামের একটি দাতব্য সংস্থা এই নিয়মকে চ্যালেঞ্জ করেছিল কিন্তু বিচারক বলেছেন এটি হাইকোর্টের বিষয় নয়। সম্প্রতি এক জরিপে দেখা গেছে প্রায় ৯০ শতাংশ মানুষ বর্তমান নিয়মের পক্ষে সমর্থন জানিয়েছেন। এই রায়ের ফলে এখনকার নিয়মই বহাল থাকবে এবং কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আরও আলোচনা করবে।

বিচারপতি লিভেন এই চ্যালেঞ্জটি খারিজ করে দিয়ে বলেছেন, এই অভিযোগের জন্য হাইকোর্ট উপযুক্ত জায়গা নয়, বরং এটি কাউন্টি কোর্টে যাওয়া উচিত ছিল। সে*ক্স ম্যাটারস দাবি করেছিল যে, নিজের লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে পুকুর ব্যবহারের অনুমতি দেওয়াটা নারীদের প্রতি এক ধরনের বৈষম্য। তারা যুক্তি দেখিয়েছিল যে এটি নারীদের গোপনীয়তা ও মর্যাদার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

দাতব্য সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, ২০২৫ সালের সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এই নীতি অবৈধ। তাদের আইনজীবী টম ক্রস আদালতে বলেছিলেন, বর্তমান নিয়ম নারীদের সুরক্ষার বিষয়টি বিঘ্নিত করছে। অন্যদিকে, সিটি অফ লন্ডনের আইনজীবী বলেন, এই নীতি ২০১৭ সাল থেকে চলে আসছে, তাই এতদিন পর এই মামলা করা অযৌক্তিক এবং সময়ের অপচয়।

সিটি অফ লন্ডনের প্রকাশিত এক সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে, প্রায় ৩৮ হাজার মানুষ এই বিষয়ে তাদের মতামত জানিয়েছেন। এর মধ্যে প্রায় ৯০ শতাংশ উত্তরদাতাই ট্রান্সজেন্ডারদের অন্তর্ভুক্ত করার বর্তমান নিয়মকে সমর্থন করেছেন। জরিপে অংশ নেওয়াদের অধিকাংশই লন্ডনের বাসিন্দা এবং তারা নিয়মিত সাঁতার কাটার জন্য এই পুকুর ব্যবহার করেন।

রায়ের পর সে*ক্স ম্যাটারসের সিইও মায়া ফরস্টেটার হতাশা প্রকাশ করে বলেছেন, তারা পরবর্তী আইনি পদক্ষেপের কথা বিবেচনা করছেন। তবে ট্রান্সলুসেন্ট নামের একটি মানবাধিকার সংগঠন এই মামলাকে করদাতাদের টাকার অপচয় বলে মন্তব্য করেছে। সিটি অফ লন্ডন কর্পোরেশন জানিয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত বর্তমান নিয়মই চালু থাকবে।

#LondonHighCourt #HampsteadHeath #TransRights #aknews #onebanglanews