পর্যাপ্ত বিশ্রামের দাবিতে পূর্ব লন্ডনে বাস ধর্মঘটের পথে শত শত চালক

35

সাইফ হাসান: পূর্ব লন্ডনের শত শত বাস চালক এবার ধর্মঘটে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম ও বিরতি না পাওয়ার অভিযোগে তারা এই কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। বো বাস গ্যারেজের তিন শতাধিক চালক আগামী কয়েকদিনের মধ্যে এ নিয়ে ভোট দেবেন। ইউনিয়ন বলছে চালকদের অতিরিক্ত ক্লান্তি যাত্রী ও নিজেদের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

স্টেজকোচের অধীনে থাকা ইস্ট লন্ডন বাস অ্যান্ড কোচ কোম্পানির তিন শতাধিক চালক এই আন্দোলনে অংশ নিচ্ছেন। তারা অভিযোগ করেছেন, তাদের কাজের সময়সূচী এবং বিরতির ব্যবস্থাপনা খুবই দুর্বল। বো বাস গ্যারেজের এই চালকরা মনে করেন, তাদের ওপর অতিরিক্ত কাজের চাপ দেওয়া হচ্ছে যা মেনে নেওয়া সম্ভব নয়।

ইউনাইট ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্যারন গ্রাহাম বলেছেন, বাস চালকদের ক্লান্তি এখন একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি শুধু চালকদের নিরাপত্তার বিষয় নয়, যাত্রীদের জীবনের জন্যও বিপজ্জনক। অনেক সময় চালকদের টানা দেড় ঘণ্টা গাড়ি চালাতে হয় এবং শিফটের মাঝে তারা যথেষ্ট বিশ্রাম পান না।

ইউনিয়ন আরও দাবি করেছে, চালকদের দুই শিফটের মাঝে মাত্র ১০ ঘণ্টা বিশ্রাম দেওয়া হচ্ছে, যেখানে ইউরোপীয় নিয়ম অনুযায়ী অন্তত ১১ ঘণ্টা থাকা উচিত। এছাড়া ডিপোতে খাওয়ার জন্য পর্যাপ্ত বিরতি না দেওয়া এবং রিমোট চার্জিং পয়েন্ট ব্যবহারের বাড়তি কাজের চাপ নিয়েও ক্ষোভ রয়েছে চালকদের মধ্যে।

এই ধর্মঘটের ভোট গ্রহণ আগামী ১১ ফেব্রুয়ারি শেষ হবে। এর পাশাপাশি উত্তর-পূর্ব লন্ডনের লেইটনে লি ইন্টারচেঞ্জ বাস কোম্পানির ৩৫০ জন চালকও ফেব্রুয়ারিতে ধর্মঘটের ডাক দিয়েছেন। তারা ইউনিয়ন ভাঙার চেষ্টা ও হয়রানির প্রতিবাদে ৬, ৭, ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতি পালন করবেন বলে জানা গেছে।

#LondonBusStrike #Stagecoach #UniteUnion #aknews #onebanglanews