সাইফ হাসান: লন্ডনের পরিবহন ব্যবস্থার পরিচ্ছন্নতাকর্মীদের সরাসরি নিয়োগ না দিয়ে আবারও ঠিকাদারি প্রতিষ্ঠানের হাতে দায়িত্ব দেওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছে আরএমটি ইউনিয়ন। আগামী ৪ ফেব্রুয়ারি সিটি হলের সামনে এই সিদ্ধান্তের প্রতিবাদে বড়সড় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে তারা। টিএফএল কর্তৃপক্ষ মাইটি নামের একটি কোম্পানিকে পাঁচ বছরের জন্য নতুন চুক্তি দেওয়ায় শ্রমিকরা মনে করছেন মেয়র সাদিক খান প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। যদিও টিএফএল বলছে তারা পরীক্ষামূলকভাবে বিষয়টি খতিয়ে দেখবে তবে ইউনিয়নের দাবি অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে।
আরএমটি ইউনিয়ন জানিয়েছে আগামী ৪ ফেব্রুয়ারি সিটি হলের বোর্ড মিটিংয়ের সময় তারা এই বিক্ষোভ করবে। টিএফএল কর্তৃপক্ষ সম্প্রতি মাইটি নামক একটি আউটসোর্সিং কোম্পানির সাথে পাঁচ বছরের জন্য নতুন করে চুক্তি করেছে। এর আগে ২০১৭ সাল থেকে এএমবি ইউকে নামের একটি প্রতিষ্ঠান লন্ডনের এই পরিচ্ছন্নতার কাজগুলো দেখাশোনা করতো।
নতুন এই চুক্তির আওতায় ট্রেন, টিউব ও বাস স্টেশন পরিষ্কার এবং সিটি হলের বর্জ্য ব্যবস্থাপনার কাজ করা হবে। এছাড়াও গ্রাফিতি পরিষ্কার এবং পেস্ট কন্ট্রোলের বিষয়গুলোও এই চুক্তির অন্তর্ভুক্ত থাকবে। লন্ডনের মেয়র সাদিক খান অবশ্য বলেছেন তিনি সরাসরি নিয়োগের পক্ষেই আছেন এবং এই চুক্তির মাধ্যমে একটি পাইলট প্রকল্প চালিয়ে দেখা হবে ভবিষ্যতে কীভাবে সাশ্রয়ী উপায়ে কর্মীদের ইন-হাউস করা যায়।
তবে আরএমটি ইউনিয়নের সাধারণ সম্পাদক এডি ডেম্পসি মেয়রের এই বক্তব্যের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন মেয়র সাদিক খান টিএফএলকে প্রাইভেট কোম্পানিগুলোর হাতে জিম্মি হতে দিচ্ছেন যা গণতান্ত্রিক নিয়ন্ত্রণের বাইরে। ইউনিয়ন বর্তমানে লন্ডন অ্যাসেম্বলির কাছে একটি আনুষ্ঠানিক তদন্তের দাবি জানিয়েছে যাতে সিটি হলের ওপর করপোরেট প্রভাবের বিষয়টি খতিয়ে দেখা হয়।
টিএফএল কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেছে যে এই মুহূর্তে তাদের নিজস্ব জনবল ও দক্ষতা নেই। তাই আপাতত এই পাইলট প্রকল্পের মাধ্যমে তারা অভ্যন্তরীণ দক্ষতা বাড়ানোর চেষ্টা করবে। একইসাথে নতুন চুক্তিতে কর্মীদের ন্যায্য বেতন এবং কাজের নিরাপত্তার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।
#LondonNews #TfLProtest #SadiqKhan #RMTUnion #aknews #onebanglanews















