লন্ডনের লো ট্রাফিক জোনগুলোতে যানজট বাড়ার কথা স্বীকার করল কর্তৃপক্ষ

61

সাইফ হাসান: লন্ডনের বিভিন্ন এলাকায় লো ট্রাফিক জোন তৈরির ফলে উল্টো যানজট বেড়েছে বলে স্বীকার করেছে ট্রান্সপোর্ট ফর লন্ডন বা টিএফএল। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে আনার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হলেও কিছু এলাকায় তা চালকদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি লন্ডন অ্যাসেম্বলি ট্রান্সপোর্ট কমিটির এক সভায় কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। তবে কর্তৃপক্ষের দাবি অধিকাংশ প্রকল্পই সফল হয়েছে এবং প্রয়োজনে কিছু পরিবর্তন আনা হবে।

লন্ডন শহরের রাস্তাগুলোতে ব্যক্তিগত গাড়ির চাপ কমাতে এবং পরিবেশ দূষণ রোধ করতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে বেশ কিছু রাস্তায় বাস লেন বাড়ানো হয়েছে এবং লো ট্রাফিক নেইবারহুড বা এলটিএন চালু করা হয়েছে। মেয়র সাদিক খান ২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার যে লক্ষ্য নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নে গাড়ির ব্যবহার কমানো জরুরি।

তবে এই উদ্যোগের ফলে হিতে বিপরীত হয়েছে বলে অভিযোগ উঠেছে। লন্ডনে গাড়ির গতি কমে গেছে এবং বিশ্বের অন্যতম ধীরগতির শহরে পরিণত হয়েছে এটি। গত বুধবার টিএফএল কর্মকর্তারা স্বীকার করেছেন যে, কোভিড চলাকালীন তৈরি করা প্রায় ১০০টি এলটিএন কিছু এলাকায় যানজট আরও বাড়িয়ে দিয়েছে।

টিএফএলের ডিরেক্টর কার্ল এডলস্টোন জানিয়েছেন, এলটিএনগুলো মূলত নিরাপত্তা ও সক্রিয় যাতায়াতের সুবিধার্থে তৈরি করা হয়েছে। তিনি বলেন, বেশিরভাগ প্রকল্প সফল হলেও কিছু জায়গায় সমস্যা হচ্ছে যা তারা পর্যালোচনা করছেন। স্থানীয়দের মতামতের ভিত্তিতে এসব জোনে প্রয়োজনীয় পরিবর্তন আনা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

#লন্ডন #টিএফএল #যানজট #aknews #onebanglanews