সাইফ হাসান: লন্ডনের হাসপাতালগুলোতে রোগীর চাপ এতটাই বেড়েছে যে করিডোরে রেখে চিকিৎসা দেওয়া এখন নিয়মিত দৃশ্য হয়ে দাঁড়িয়েছে। কুইন্স হাসপাতালের জরুরি বিভাগে জায়গার অভাবে অনেক অসুস্থ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা ট্রলিতে অপেক্ষা করতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে এবারের শীতকাল তাদের জন্য ইতিহাসের সবচেয়ে কঠিন সময় হিসেবে দেখা দিয়েছে। এই সংকট কাটাতে এবং নতুন বিভাগ চালু করতে তারা জরুরি ভিত্তিতে সরকারি তহবিলের আবেদন জানিয়েছে।
বার্কিং হ্যাভারিং এবং রেডব্রিজ ট্রাস্টের প্রধান ম্যাথিউ ট্রেইনার জানান, প্রতিদিন প্রায় এক হাজার রোগী চিকিৎসার জন্য আসছেন যা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। রোমফোর্ডের কুইন্স হাসপাতালে সরেজমিনে দেখা যায়, প্রায় ৫১ জন রোগী বেড না পেয়ে করিডোরে ট্রলিতে শুয়ে আছেন। টানা তৃতীয় বছরের মতো শীতকালে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যাকে এখন ‘করিডোর কেয়ার’ বলা হচ্ছে।
ক্লীফ মিচেল নামের এক ভুক্তভোগী জানান, তার বয়স্ক বাবা রয়কে আগের সন্ধ্যা থেকে প্রায় ২০ ঘণ্টা করিডোরে ট্রলিতে শুয়ে থাকতে হয়েছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, বাবার পাশে দাঁড়ানোর মতো জায়গাও নেই এবং রোগীদের এমন অবস্থায় রাখা মোটেও উচিত নয়। নার্সিং ডিরেক্টর রুথ গ্রিনও স্বীকার করেছেন যে রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করা এবং কষ্ট পাওয়া দেখাটা কর্মীদের জন্যও খুব যন্ত্রণাদায়ক।
এই সংকট নিরসনে ম্যাথিউ ট্রেইনার নতুন জরুরি বিভাগ তৈরির জন্য সরকারের কাছে ৩৫ মিলিয়ন পাউন্ড চেয়েছেন। তবে এর মাঝেও কিং জর্জ হাসপাতালে রোবোটিক সার্জারি এবং কুইন্স হাসপাতালের প্রসূতি বিভাগে সেবার মান স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। গত বছর এখানে প্রায় সাত হাজার শিশু জন্ম নিয়েছে এবং পরিকল্পিত অপারেশনগুলো আলাদা ইউনিটে করার ফলে কিছুটা স্বস্তি ফিরেছে।
#LondonHospitalCrisis #NHS #QueensHospital #HealthNews #aknews #onebanglanews















