লন্ডনে পানির পাইপ ফেটে ভয়াবহ বন্যা হাজার হাজার মানুষ পানিবন্দি

1567

সাইফ হাসান: পশ্চিম লন্ডনে বিশাল পানির পাইপ ফেটে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে। মাঝরাতে হঠাৎ রাস্তাঘাট ৩ ফুট পানির নিচে তলিয়ে গেলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস নৌকা ব্যবহার করে পানিবন্দি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। এই ঘটনার জেরে হাজার হাজার মানুষ এখন তীব্র পানি সংকটে ভুগছেন।

বুধবার ভোররাতে পশ্চিম লন্ডনের হল্যান্ড পার্ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। থেমস ওয়াটার জানিয়েছে, প্রতি সেকেন্ডে প্রায় ৬০০ লিটার পানি লিক হয়ে মুহূর্তের মধ্যে আশপাশের এলাকা প্লাবিত করে ফেলে। পানির তোড় এতটাই বেশি ছিল যে রাস্তাঘাট প্রায় ৩ ফুট পানির নিচে তলিয়ে যায়।

লন্ডন ফায়ার ব্রিগেডের ৪০ জন দমকলকর্মী দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং উদ্ধারকাজ শুরু করেন। অন্তত ৫০টি বাড়ি এবং একটি হোটেল বন্যার কবলে পড়লে বাসিন্দাদের উদ্ধারে ইনফ্ল্যাটেবল নৌকা ব্যবহার করতে হয়। বর্তমানে হল্যান্ড পার্ক রাউন্ডঅ্যাবাউটের আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

এই ঘটনার ফলে শেফার্ডস বুশ, কেনসিংটন এবং নটিং হিলসহ বেশ কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ পানি সংকটে পড়েছেন। থেমস ওয়াটারের ডিরেক্টর মার্টিন প্যাডলি এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছেন এবং দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। স্থানীয় এমপি এবং কাউন্সিল লিডার ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন।

#লন্ডন #বন্যা #থেমস_ওয়াটার #যুক্তরাজ্য #aknews #onebanglanews