সাইফ হাসান: লন্ডনে মোবাইল ফোন চু*রি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নিচ্ছেন মেয়র সাদিক খান। পুলিশি কার্যক্রমে গতি আনতে নগরবাসীর ওপর কাউন্সিল ট্যাক্স বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। এই বাড়তি অর্থ দিয়ে পুলিশ ফোন চু*রি দমনে বিশেষ অভিযান চালাবে বলে জানানো হয়েছে। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে এই বাড়তি করের বোঝা নিয়ে নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
লন্ডনের মেয়র সাদিক খান মোবাইল ফোন চোর চক্রকে দমনের জন্য পুলিশি তহবিল বাড়াতে কাউন্সিল ট্যাক্স বৃদ্ধির ঘোষণা দিয়েছেন। পরিকল্পনা অনুযায়ী, ব্যান্ড ডি-র অন্তর্ভুক্ত প্রতিটি পরিবারকে বছরে ২০ পাউন্ডের বেশি অতিরিক্ত কর দিতে হবে। প্রস্তাবটি পাস হলে সিটি হলের প্রাপ্য বিলের পরিমাণ প্রথমবারের মতো ৫০০ পাউন্ড ছাড়িয়ে যাবে।
মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে লন্ডনে ১ লাখ ১৭ হাজার ২১১টি ফোন চুরি হয়েছে, যা ২০১৯ সালের তুলনায় ২৫ শতাংশ বেশি। উদ্বেগের বিষয় হলো, এসব ঘটনার মাত্র ১ শতাংশ ক্ষেত্রে অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ গঠন বা সাজা নিশ্চিত করা সম্ভব হয়েছে। মেয়র জানিয়েছেন, বর্ধিত করের ১৫ পাউন্ড সরাসরি পুলিশকে দেওয়া হবে যাতে তারা ফোন চোরদের বিরুদ্ধে কঠোর হতে পারে এবং বাকি ৫ পাউন্ড ফায়ার সার্ভিসকে দেওয়া হবে।
এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কনজারভেটিভ পার্টির লন্ডন অ্যাসেম্বলি সদস্য নিল গ্যারেট। তিনি বলেন, মেয়রের উচিত ছিল মোবাইল ফোন গ্যাংগুলোর বিরুদ্ধে আরও আগেই ব্যবস্থা নেওয়া। অন্যদিকে টাওয়ার হ্যামলেটসের বাসিন্দা দলবির কৌর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা একে তো ফোন হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি, তার ওপর এই দমন অভিযানের খরচ আমাদের পকেট থেকে নেওয়া উচিত নয়।
প্রস্তাবিত বাজেটে প্রাইমারি স্কুলগুলোতে বিনামূল্যে খাবার বিতরণ কর্মসূচি এবং ওয়েস্ট লন্ডন অরবিটাল রেল সেবার মতো প্রকল্পগুলো চালিয়ে যাওয়ার কথাও বলা হয়েছে। আগামী ফেব্রুয়ারির শেষের দিকে লন্ডন অ্যাসেম্বলিতে অনুমোদনের পর এই নতুন কর কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
#LondonNews #SadiqKhan #CouncilTax #PhoneTheft #aknews #onebanglanews















