পানির অভাবে হাহাকার,তবুও ‘বসের’ পকেটে চার লাখ পাউন্ড বোনাস

57

সাইফ হাসান: যুক্তরাজ্যের কেন্ট ও পূর্ব সাসেক্সে হাজার হাজার মানুষ যখন পানির অভাবে হাহাকার করছেন তখন ওয়াটার কোম্পানির বস ডেভিড হিন্টন বিশাল বোনাস পেতে যাচ্ছেন। সাউথ ইস্ট ওয়াটারের এই প্রধান নির্বাহী পারফর্মেন্স খারাপ হলেও কেবল ২০৩০ সাল পর্যন্ত চাকরিতে থাকলেই চার লাখ পাউন্ডের এই বিশেষ ‘সার্ভিস অ্যাওয়ার্ড’ পাবেন। গ্রাহকদের দুর্ভোগের মধ্যে এমন খবর প্রকাশ পাওয়ায় এমপি এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত নভেম্বর এবং চলতি জানুয়ারিতে প্রায় ৩০ হাজার পরিবারকে দিনের পর দিন পানি ছাড়া থাকতে হয়েছে। টুনব্রিজ ওয়েলস এলাকার মানুষকে বোতলজাত পানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে এবং গোসলের জন্য অন্য এলাকায় যেতে হয়েছে। অথচ কোম্পানির বার্ষিক রিপোর্টে দেখা গেছে, বস ডেভিড হিন্টন কাজের মান যাই হোক না কেন, পদে টিকে থাকলেই ধাপে ধাপে এই বিপুল অর্থ পাবেন।

স্থানীয় এমপি মাইক মার্টিন এই ঘটনাকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন। তিনি বলেন, আগে মানুষকে ঠিকমতো পানি দিন, তারপর টাকার কথা বলুন। জিএমবি ইউনিয়নের কর্মকর্তা গ্যারি কার্টার বলেছেন, গ্রাহকদের কষ্ট দিয়ে বিল বাড়ানোর পর এমন বোনাস নেওয়াটা কাটা ঘায়ে নুনের ছিটার মতো।

পরিবেশ মন্ত্রী এমা রেনল্ডস নিয়ন্ত্রক সংস্থা অফওয়াটকে কোম্পানির লাইসেন্স পর্যালোচনার নির্দেশ দিয়েছেন। অফওয়াট ইতিমধ্যে তদন্ত শুরু করেছে যে কোম্পানিটি গ্রাহকদের সঠিক সেবা দিতে ব্যর্থ হয়েছে কিনা। চাপের মুখে থাকলেও ডেভিড হিন্টন জানিয়েছেন তিনি পর্দার আড়ালে কঠোর পরিশ্রম করছেন।

#SouthEastWater #UKNews #WaterCrisis #aknews #onebanglanews