তরুণদের মধ্যে বাড়ছে ধর্মচর্চা ব্রিটেনে বাইবেল বিক্রিতে নতুন রেকর্ড

213

সাইফ হাসান: যুক্তরাজ্যের ইতিহাসে এবার বাইবেল বিক্রির হার সব রেকর্ড ভেঙে দিয়েছে যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে হঠাৎ করেই ধর্মচর্চা এবং আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বেড়ে যাওয়ায় এই পরিবর্তন দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিশ্ব পরিস্থিতির অস্থিরতা মানুষকে আবারও ধর্মের দিকে টেনে আনছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চার্চে তরুণদের উপস্থিতি বাড়ার সঙ্গে সঙ্গে ধর্মীয় বইয়ের বাজারও বেশ চাঙ্গা হয়ে উঠেছে।

যুক্তরাজ্যে ২০২৫ সালে বাইবেল বিক্রির পরিমাণ এক লাফে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে যা ২০১৯ সালের তুলনায় ১৩৪ শতাংশ বেশি। এসপিসিকে গ্রুপের গবেষণা অনুযায়ী গত বছর দেশটিতে মোট ৬.৩ মিলিয়ন পাউন্ডের বাইবেল বিক্রি হয়েছে। বই বিক্রেতারা বলছেন দীর্ঘদিনের মন্দা কাটিয়ে ধর্মীয় বইয়ের বাজারে এই হঠাৎ উত্থান বেশ চমকপ্রদ।

এই পরিবর্তনের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করছে ১৮ থেকে ২৪ বছর বয়সী তরুণ-তরুণীরা। চার্চ হাউস বুকশপের পরিচালক অড পাস্কিয়ার জানান এমন অনেক তরুণ এখন বাইবেল কিনছেন যাদের পারিবারিক কোনো ধর্মীয় পটভূমি নেই। তারা নিজেদের এবং পৃথিবীকে নতুন করে বুঝতে আধ্যাত্মিকতার খোঁজ করছেন। পরিসংখ্যান বলছে ২০১৮ সালের তুলনায় বর্তমানে চার্চে যাওয়ার হার প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

বই বিক্রেতা স্টিভ বার্নেট মনে করেন জর্ডান পিটারসনের মতো অনলাইন ইনফ্লুয়েন্সাররা তরুণদের এই আধ্যাত্মিক যাত্রায় উৎসাহিত করছেন। প্রকাশক স্যাম রিচার্ডসন বলছেন এখন নাস্তিক হওয়াটা অনেকটা পুরনো ফ্যাশন হয়ে গেছে বরং খ্রিস্টান ধর্ম পালন করাটাই তরুণদের কাছে নতুন ‘কাউন্টার কালচার’ বা প্রথাবিরোধী অবস্থান হিসেবে জনপ্রিয় হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতা, এআই-এর প্রভাব এবং বিভিন্ন স্থানে চলমান যু*দ্ধ পরিস্থিতির কারণে মানুষ মানসিক শান্তির জন্য ধর্মের দিকে ঝুঁকছে। এছাড়া নারীদের তুলনায় তরুণ পুরুষদের মধ্যেই এই ধর্মীয় আগ্রহ ও চার্চে যাওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যাচ্ছে।

#UKNews #BibleSales #Spirituality #Christianity #aknews #onebanglanews