ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দাখিল করলেন কবীর আহমেদ ভূঁইয়া

84

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ ২৯ ডিসেম্বর, সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে কসবা আখাউড়ার থেকে বিএনপির নেতাকর্মী ও অগণিত সমর্থকাহিনী নিয়ে আনন্দঘন পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ “কবীর ভূঁইয়া, ধানের শীষ” স্লোগান আর স্লোগানে আন্দোলিত হয়।
এর পূর্বে কবীর ভূইয়ার বিপুল নেতাকর্মী ও সমর্থকরা শান্তিপূর্ণভাবে দলীয় স্লোগানসহ কসবা আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা সদরে আগমন করেন

দলীয় সূত্র জানায়, কসবা আখাউড়ার বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে তিনি মাঠপর্যায়ের নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে দলের দুঃসময়ে নেতাকর্মীদের প্রতি দায়িত্বশীলতা, সাহসিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে তাঁর ভূমিকা স্থানীয়ভাবে প্রশংসিত।

আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়ার নেতৃত্বের ব্যাপারে স্থানীয় বিএনপি নেতারা জানান, দলীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য, ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া কসবা ও আখাউড়ায় একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতা হিসেবে অনেকদিন ধরে পরিচিত।

দল ও দেশের দুঃসময়ে দলীয় কর্মসূচি বাস্তবায়ন, সভা-সমাবেশে সক্রিয় অংশগ্রহণ এবং রাজনৈতিকভাবে হয়রানির শিকার স্থানীয় নেতাকর্মীদের পাশে থেকে ছিলেন তিনি।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়ায় আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন বলে নেতাকর্মীরা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

মনোনয়ন দাখিল শেষে আলহাজ্ব কবীর আহমেদ ভূঁইয়া সাংবাদিকদের বলেন,
“আমি৷ বরাবরই ঐক্যবদ্ধ রাজনীতিতে বিশ্বাস করি। অতীতে দলের প্রতি সর্বোচ্চ আনুগত্য বজায় রেখেই রাজনীতি করেছি, ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত রাখব। কসবা ও আখাউড়ার জনগণ আমাকে নির্বাচিত করলে এলাকার নিরাপত্তা, উন্নয়ন এবং একটি মানবিক কসবা আখাউড়া গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

দলীয় চূড়ান্ত মনোনয়ন দাখিলকালে ডিসি ভবনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান, সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপির সভাপতি শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক আইয়ুম খান, আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আবদু, সাধারণ সম্পাদক ডা. খোরশেদ আলম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক আকতার খান, জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাডভোকেট ইসমত আরা, জেলা যুবদলের সহ-সভাপতি বাবুল আহমেদ, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীবুর রহমান ও রোমেল আহমেদ, জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহীন মিয়াসহ দল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।