সাইফ হাসান: শহীদ শরিফ ওসমান বিন হাদির খু*নিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে টানা চার দিন ধরে শাহবাগ অবরোধ করে রেখেছে ইনকিলাব মঞ্চ। আজ সোমবার দুপুর থেকেই রাজধানীর এই গুরুত্বপূর্ণ মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন শত শত নেতা-কর্মী। এর ফলে শাহবাগ ও এর আশপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা অবিলম্বে হাদি হ*ত্যার বিচার এবং ভারতীয়দের কাজের অনুমতি বাতিলসহ চার দফা দাবি জানিয়েছেন।
রাজধানীর শাহবাগ মোড়ে আজ দুপুর সোয়া দুইটা থেকে অবস্থান কর্মসূচি শুরু করেন ইনকিলাব মঞ্চের সমর্থকরা। এর আগে দুপুর বারোটার পর থেকেই নেতা-কর্মীরা সেখানে জড়ো হতে থাকেন এবং হাদি হত্যার বিচার চেয়ে বিক্ষোভ করেন। অবরোধের কারণে শাহবাগের চারপাশের রাস্তায় যানবাহন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীদের কেউ মাথায় আবার কেউ হাতে জাতীয় পতাকা বেঁধে প্রতিবাদ জানাচ্ছেন। তারা হাদি হত্যার বিচার এবং বিপ্লব বিপ্লবসহ বিভিন্ন স্লোগান দিয়ে এলাকা উত্তপ্ত করে রাখেন। কর্মসূচিতে কবিতা আবৃত্তি ও হাদির স্মরণে গানও গাওয়া হচ্ছে।
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের চার দফা দাবি ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে আগামী ২৪ দিনের মধ্যে হত্যাকারীদের বিচার সম্পন্ন করা এবং বাংলাদেশে অবস্থানরত সকল ভারতীয়র ওয়ার্ক পারমিট বাতিল করা। এছাড়া ভারতে পালিয়ে যাওয়া খুনিদের ফিরিয়ে না দিলে আন্তর্জাতিক আদালতে মামলা করার হুমকিও দিয়েছেন তারা।
উল্লেখ্য যে, গত শুক্রবার থেকে শাহবাগে এই টানা অবস্থান কর্মসূচি পালন করছে সংগঠনটি। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে সংহতি জানিয়ে যোগ দিচ্ছেন এবং বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়েছেন তারা।
#শাহবাগ #ইনকিলাবমঞ্চ #হাদি_হত্যা #aknews #onebanglanews















