বেগম খালেদা জিয়া বাংলাদেশের হৃদয়ের স্পন্দন: কবীর আহমেদ ভূঁইয়া

কসবা উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দোয়া মাহফিল

347

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের হৃদয় স্পন্দন উল্লেখ করে কসবা আখাউড়া থেকে ধানের শীষের মনোনয়ন প্রার্থী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া বলেন, বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, আমাদের মমতাময়ী মা ও নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। প্রিয় দেশনেত্রীর অসুস্থতায় পুরো দেশ যেন থেমে আছে। পুরো বাংলাদেশ ছাড়াও বিশ্বের কয়েকটি দেশের পার্লামেন্টে পর্যন্ত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়েছে। মহান আল্লাহ তায়ালার দরবারে আমাদের বিশ্বময়ী নেত্রীর আশু রোগমুক্তি কামনা করছি।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আজ শুক্রবার কসবা উপজেলায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জুম্মার নামাজ শেষে কসবা সদরের আড়াইবাড়ি মসজিদে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া আরও বলেন, “দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন। দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাঁর রোগমুক্তির জন্য দোয়া করছেন। তিনি সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসবেন— এ কামনাই করছি।”

তিনি আরও বলেন,“আগামী নির্বাচনে বিএনপিকে নিরঙ্কুশ বিজয় অর্জন করতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। বিশেষ করে দুঃসময়ে, নিপীড়নের মুহূর্তে যারা জীবন-ঝুঁকি নিয়ে আন্দোলনে ছিলেন— তাঁদের প্রতি হাইকমান্ডের সুদৃষ্টি থাকবে বলে আমরা প্রত্যাশা করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অবশ্যই ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করবেন।”

কসবা উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান পিপির সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব কবীর আহমেদ ভূইয়া। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক স্বপন।

মাহফিলে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন সরকার তুহিন, কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, কসবা পৌর বিএনপি সভাপতি শরীফুল ইসলাম, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক আইয়ুম খান, কসবা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি বশির চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মিয়া, কসবা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আউয়াল, আখাউড়া উপজেলা যুবদলের সদস্যসচিব মো. মোহসীন, কসবা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক ইমু, কসবা পৌর যুবদলের আহ্বায়ক মো. মোহসীনসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা-কর্মীরা।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দলের ঐক্য, এবং দেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।