বিখ্যাত দুই শিল্পীর বাড়ি আবার খুলবে, সংস্কারের জন্য মিলল বড় ফান্ড

122

সাইফ হাসান: স্যার সেডরিক মরিস ও তার সঙ্গীর বিখ্যাত বাড়ি বেন্টন এন্ড সংস্কার করা হচ্ছে। লন্ডনের গার্ডেন মিউজিয়াম এটি আবার চালু করার জন্য বড় অংকের ফান্ড পেয়েছে। এটি একসময় বিখ্যাত আর্ট স্কুল ছিল। আগামী বছর এটি জনসাধারণের জন্য খোলার আশা করা হচ্ছে।

সাফোকের হ্যাডলিতে অবস্থিত বেন্টন এন্ড হাউস এবং এর বাগানটি সংস্কারের জন্য লন্ডনের গার্ডেন মিউজিয়াম ২ লক্ষ ৯৪ হাজার পাউন্ডের বেশি ফান্ড পেয়েছে। এই অর্থ দিয়েছে ‘দ্য ন্যাশনাল লটারি হেরিটেজ ফান্ড’। এই টাকা দিয়ে বাড়ির ছাদ এবং মূল কাঠামোর জরিপ ও প্রাথমিক মেরামতের কাজ শুরু হবে।

এই ঐতিহাসিক বাড়িটি মূলত টিউডর আমলের। এখানে শিল্পী স্যার সেডরিক মরিস এবং তার সঙ্গী আর্থার লেট-হেইন্স বসবাস করতেন। তারা দুজনে মিলে এখানে ‘ইস্ট অ্যাংলিয়ান স্কুল অফ পেইন্টিং অ্যান্ড ড্রয়িং’ প্রতিষ্ঠা করেছিলেন।

মরিস এবং লেট-হেইন্স ১৯৩৭ সালে এসেক্সের ডেডহামে প্রথম স্কুলটি খোলেন। কিন্তু সেখানে আগুন লাগার পর ১৯৩৯ সালে তারা বেন্টন এন্ডে চলে আসেন। লুসিয়ান ফ্রয়েড এবং ম্যাগি হ্যাম্বলিং-এর মতো বিখ্যাত শিল্পীরাও তাদের ছাত্র ছিলেন।

প্রায় ৪০ বছর ব্যক্তিগত মালিকানায় থাকার পর ২০২১ সালে পিঞ্চবেক চ্যারিটেবল ট্রাস্ট বাড়িটি গার্ডেন মিউজিয়ামকে উপহার দেয়। মিউজিয়ামের ট্রাস্টি চার্লস স্পাইসার এই ফান্ড পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই অনুদান না পেলে বাড়িটি হয়তো আবার ব্যক্তিগত মালিকানায় চলে যেত।

মিঃ স্পাইসার আরও জানান, তারা বেন্টন এন্ডকে আবারো শিল্প, বাগান, খাবার এবং শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পুনরুজ্জীবিত করতে চান। আগামী বছরের গ্রীষ্মে এটি আবার চালু করার পরিকল্পনা রয়েছে।

#বেন্টনএন্ড #শিল্প #জাদুঘর #সংস্কার #যুক্তরাজ্য