সাগরে হারানো লেগো হাঙ্গর ২৭ বছর পর নিলামে, বিক্রি ৪৩০ পাউন্ডে

109

সাইফ হাসান: প্রায় ২৭ বছর আগে সাগরে হারিয়ে যাওয়া একটি লেগো হাঙ্গর অবশেষে এক জেলের জালে ধরা পড়েছে। রিচার্ড ওয়েস্ট নামের ওই জেলে মাছ ধরতে গিয়ে প্লাস্টিকের খেলনাটি পান। এটি ১৯৯৭ সালে ডুবে যাওয়া টোকিও এক্সপ্রেস কার্গো জাহাজের লক্ষ লক্ষ লেগোর একটি অংশ। গতকাল বৃহস্পতিবার এই হাঙ্গরটি নিলামে ৪৩০ পাউন্ডে বিক্রি হয়েছে। বিক্রির পুরো টাকা দুটি দাতব্য সংস্থাকে দেওয়া হবে।

জেলে রিচার্ড ওয়েস্ট ২০২৪ সালের আগস্টে পেনজান্স থেকে ২০ মাইল দক্ষিণে মাছ ধরার সময় তার জালে এই লেগো হাঙ্গরটি পান। ধারণা করা হচ্ছে, এটি ১৯৯৭ সালে ল্যান্ডস এন্ডের কাছে টোকিও এক্সপ্রেস কার্গো জাহাজ থেকে সাগরে পড়ে যাওয়া প্রায় ৪৭ লাখ লেগোর মধ্যে প্রথম খুঁজে পাওয়া গাঢ় ধূসর হাঙ্গর। ওই জাহাজ থেকে মোট ৬২টি কন্টেইনার সাগরে ভেসে গিয়েছিল।

প্লাইমাউথ-ভিত্তিক নিলামকারী অ্যান্টনি এলড্রেড গতকাল এই খেলনাটি নিলামে তোলেন। নিলামের আগে এর আনুমানিক মূল্য ৫০ থেকে ১০০ পাউন্ড ধরা হয়েছিল। তবে নিলামে এটি ৪৩০ পাউন্ডে বিক্রি হয়। মিস্টার এলড্রেড বলেন, এমন একটি জিনিসের দাম অনুমান করা কঠিন ছিল, তবে একাধিক সংগ্রাহক আগ্রহ দেখানোয় দাম বেড়ে যায়।

নিলামে যুক্তরাজ্য ও বিদেশের অনেকেই অংশ নেন, এমনকি ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামও আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের একজন ক্রেতা হাঙ্গরটি কিনে নেন। মিস্টার এলড্রেড জানান, এই নিলাম ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় তিনি আনন্দিত।

জেলে রিচার্ড ওয়েস্ট এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, বিক্রির পুরো টাকা ক্যান্সার রিসার্চ ইউকে এবং দ্য ফিশারম্যানস মিশনকে ভাগ করে দেওয়া হবে। তিনি মজা করে বলেন, “আশা করি হাঙ্গরটি একটি ভালো বাড়িতে যাচ্ছে। এখন আমাকে আবার পেনজান্সে গিয়ে আরও কয়েকটি খুঁজে বের করতে হবে।”

#লেগো #নিলাম #চ্যারিটি #সাগর #ইংল্যান্ড