আট শিশুর বাবা সেজে জালিয়াতি, আলবেনিয়ান ব্যক্তির জেল

80

সাইফ হাসান: যুক্তরাজ্যে অভিনব এক ইমিগ্রেশন জালিয়াতির দায়ে এক ব্যক্তিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জেরাল্ড সেরা নামের ওই ব্যক্তি আটটি আলবেনিয়ান শিশুর বাবা সেজে তাদের ব্রিটিশ পাসপোর্ট পেতে সাহায্য করেছিলেন। সেন্ট অ্যালবানস ক্রাউন কোর্ট তাকে এই সাজা দেয়। শুধু তাই নয়, যুক্তরাজ্যের হোম অফিস তার নিজের ব্রিটিশ নাগরিকত্বও বাতিল করে দিয়েছে।

২৮ বছর বয়সী জেরাল্ড সেরা মূলত আলবেনিয়ার নাগরিক, তবে তার কাছে যুক্তরাজ্যের নাগরিকত্ব ছিল। তিনি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের আগস্ট মাসের মধ্যে আটটি আলবেনিয়ান শিশুর বাবা হিসেবে মিথ্যা তথ্য দাখিল করেন। এই জালিয়াতির মাধ্যমে তিনি শিশুদের জন্য যুক্তরাজ্যের পাসপোর্ট হাসিলের চেষ্টা চালান।

চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি তাকে লুটন এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থায় বেআইনিভাবে সহায়তার দায়ে আদালত তাকে দোষী সাব্যস্ত করে। গ্রেপ্তারের সময় তিনি পুলিশকে তার ফোন এবং ল্যাপটপের পাসকোড দিতেও অস্বীকার করেছিলেন, যেজন্য তাকে আলাদাভাবেও দোষী সাব্যস্ত করা হয়।

হোম অফিস জানিয়েছে, জেরাল্ড সেরার যুক্তরাজ্যের নাগরিকত্ব বাতিল করা হয়েছে। সেই সাথে, জালিয়াতির মাধ্যমে পাওয়া ওই আট শিশুর পাসপোর্টও বাতিল করা হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, সেরা এই কাজে তার নিজের ব্রিটিশ পাসপোর্ট এবং নাগরিকত্বের সনদ ব্যবহার করেছিলেন।

সিপিএস প্রসিকিউটররা জানান, তারা মাত্র একটি শিশুর ডিএনএ নমুনা সংগ্রহ করতে পেরেছিলেন, যা প্রমাণ করে সেরা ওই শিশুর বাবা নন। বর্ডার সিকিউরিটি মন্ত্রী অ্যালেক্স নরিস বলেছেন, অপরাধী চক্রগুলো টাকাপয়সার লোভে শিশুদের ব্যবহার করে অভিবাসন ব্যবস্থার যে ক্ষতি করছে, তা কোনোভাবেই বরদাশত করা হবে না।

#যুক্তরাজ্য #পাসপোর্ট #জালিয়াতি #অভিবাসন