সাইফ হাসান: যুক্তরাজ্যের ইয়র্কশায়ার ডেলসে পার্কিংয়ের উপযুক্ত ব্যবস্থা না থাকায় একটি পুরোনো আস্তাবলকে বাড়িতে রূপান্তরের পরিকল্পনা বাতিল করা হয়েছে। আবেদনকারী ২৫০ মিটার দূরে পার্কিংয়ের ব্যবস্থা করার প্রস্তাব দিলেও কর্তৃপক্ষ তা গ্রহণ করেনি। তাদের মতে, এতে গ্রামে যানজটের সৃষ্টি হবে এবং জরুরি পরিষেবা ব্যাহত হতে পারে। ফলে ইয়র্কশায়ার ডেলস ন্যাশনাল পার্ক অথরিটির পরিকল্পনা কমিটি এই আবেদন প্রত্যাখ্যান করে।
সোয়ালেডেলের গানারসাইড গ্রামের ‘ওল্ড স্টেবল/কোচ হাউস’ নামের ভবনটি বর্তমানে একটি ওয়ার্কশপ হিসেবে ব্যবহৃত হয়। এটিকে স্থানীয়দের জন্য এক-বেডরুমের বাড়ি অথবা হলিডে লেট (ভাড়ায়চালিত অবকাশ কেন্দ্র) হিসেবে রূপান্তরের জন্য আবেদন করা হয়েছিল। আবেদনকারীর এজেন্ট ড্যান গ্রেইসি বলেন, চারপাশে বাড়ি থাকায় এটিকে আবাসিক ভবনে পরিণত করাই বেশি যুক্তিযুক্ত।
মূল সমস্যা ছিল পার্কিং নিয়ে। ভবনটির নিজস্ব কোনো পার্কিংয়ের জায়গা নেই। যদিও আবেদনকারী ২৫০ মিটার দূরে দুটি গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা করার কথা জানিয়েছিলেন, হাইওয়ে কর্তৃপক্ষ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। পরিকল্পনা কমিটিও হাইওয়ে কর্তৃপক্ষের সুপারিশকে সমর্থন জানিয়ে আবেদনটি নাকচ করে দেয়।
কমিটির সদস্য ইভন পিকক বলেন, রাস্তায় গাড়ি পার্কিংয়ের ফলে যানজটের সৃষ্টি হয়, এমনকি স্কুলের বাস চলাচলও বন্ধ হয়ে যায়। আরেক সদস্য রবার্ট হেসেলটাইন মন্তব্য করেন, স্থায়ীভাবে বসবাসের জন্য ভবনটি অত্যন্ত ছোট। তিনি বলেন, “এটা ছোট পাত্রে বেশি জিনিস আঁটানোর চেষ্টার মতো একটি আবেদন।” তার মতে, বাড়িটির নকশা মানুষের বসবাসের জন্য প্রয়োজনীয় মান পূরণ করে না।














