সাইফ হাসান: অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে যে, যুক্তরাজ্যের বেশিরভাগ কিশোর-কিশোরী স্কুলের বাড়ির কাজ বা পড়াশোনার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছে। তবে তাদের একটি বড় অংশই এআই দিয়ে তৈরি করা ভুল বা মিথ্যা তথ্য শনাক্ত করতে পারছে না। অনেক শিক্ষার্থী মনে করে, তাদের শিক্ষকরাও এআই ব্যবহারে যথেষ্ট আত্মবিশ্বাসী নন। এই চ্যালেঞ্জ সত্ত্বেও, বহু শিক্ষার্থী জানিয়েছে যে তারা এআইয়ের মাধ্যমে নতুন নতুন দক্ষতাও শিখছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস (ওইউপি) ১৩ থেকে ১৮ বছর বয়সী দুই হাজারেরও বেশি শিক্ষার্থীর ওপর একটি জরিপ চালায়। প্রতিবেদনে বলা হয়, প্রতি ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৮ জনই স্কুলের পড়াশোনার জন্য এআই ব্যবহার করে। তবে অর্ধেকেরও বেশি শিক্ষার্থী জানিয়েছে, এআইয়ের তৈরি করা কোনো তথ্য সঠিক নাকি ভুল, তা বোঝা তাদের জন্য বেশ কঠিন।
সাটন কোল্ডফিল্ডের বিশপ ভেসি’স গ্রামার স্কুলের সহকারী প্রধান শিক্ষক ড্যান উইলিয়ামস বলেন, বেশিরভাগ ছাত্রছাত্রী হোমওয়ার্ক বা রিভিশনের জন্য এআই ব্যবহার করছে। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, অনেকে কোনো কিছু না বুঝেই এআই থেকে সরাসরি কপি-পেস্ট করছে। তাদের জ্ঞান এবং অভিজ্ঞতা এখনো এতটা তৈরি হয়নি যে তারা তথ্যের সত্যতা যাচাই করতে পারবে।
তবে ওইউপি’র ড. আলেকজান্দ্রা তোমেস্কু জানান, এআই নিয়ে কেবল উদ্বেগের কারণই নেই। তিনি বলেন, জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জন শিক্ষার্থীর মধ্যে ৯ জনই জানিয়েছে যে তারা এআই থেকে উপকৃত হয়েছে, বিশেষ করে সমস্যা সমাধান, সৃজনশীল লেখা এবং সমালোচনামূলক চিন্তাভাবনার মতো দক্ষতা বিকাশে। শিক্ষকদের এআই দক্ষতা বাড়াতে সাহায্য করার জন্য ওইউপি একটি অনলাইন ‘এআই অ্যান্ড এডুকেশন হাব’ চালু করেছে।















