সাইফ হাসান: যুক্তরাজ্যে স্তন ক্যানসারকে জয় করা ১৪ জন নারী এক ভিন্নধর্মী ফ্যাশন শোতে ক্যাটওয়াক করে সবার মন জয় করেছেন। ডরচেস্টারে আয়োজিত এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সেকেন্ডারি ব্রেস্ট ক্যানসার গবেষণার জন্য তহবিল সংগ্রহ করা। একইসাথে এটি ছিল ক্যানসার নির্ণয়ের পরেও জীবনকে নতুন করে উপভোগ করার এক দারুণ বার্তা। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজন অংশগ্রহণকারী নারীদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিতে অসাধারণ ভূমিকা রাখছে।
এই অনুষ্ঠানের প্রধান আয়োজক জেন হিনরিচস নিজেও ৩০ বছরেরও বেশি সময় আগে স্তন ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। তিনি বলেন, “মডেলরা যখন প্রথমবার ক্যাটওয়াকে হাঁটা শুরু করে, তখন তারা কিছুটা দ্বিধান্বিত থাকে। কিন্তু শো শেষ হতে হতে তারা যেন নতুন করে জীবনকে খুঁজে পায়।” তিনি আরও যোগ করেন, এই পুরো আয়োজনটি শুধু দাতব্য সংস্থার জন্য নয়, বরং অংশগ্রহণকারী নারীদের জন্যও অত্যন্ত অনুপ্রেরণাদায়ক ও জীবনমুখী।
চ্যারিটি অ্যাঞ্জেলস ইউকে ডরচেস্টার ফ্যাশন শো নামের এই আয়োজনটি এ বছর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। গত বছর এই শো থেকে প্রায় ৯ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়েছিল এবং আয়োজকরা এ বছর সেই রেকর্ড ভাঙার আশা করছেন। বৃহস্পতিবার ডরচেস্টার আর্টস সেন্টারে এই শো অনুষ্ঠিত হবে। চ্যারিটি অ্যাঞ্জেলস ইউকে এখন পর্যন্ত ‘অ্যাগেইনস্ট ব্রেস্ট ক্যানসার’ সংস্থার জন্য প্রায় ১ লক্ষ পাউন্ড সংগ্রহ করেছে।
জেন হিনরিচস জানান, এই শোতে অংশ নিয়ে ক্যানসারজয়ী নারীরা একে অপরের সাথে কথা বলার সুযোগ পান, যা তাদের আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেয়। যুক্তরাজ্যে প্রতি বছর প্রায় ৫৬,৫০০ নারী স্তন ক্যানসারে আক্রান্ত হন এবং সেকেন্ডারি ব্রেস্ট ক্যানসার, যা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে, তা এখনও নিরাময়যোগ্য নয়। এই বাস্তবতার মাঝেই এমন আয়োজন সবার জন্য আশার আলো হয়ে এসেছে।















