ডাউন সিনড্রোম আক্রান্ত রাইডারের উদ্যোগে বাঁচল ঘোড়সওয়ার ক্লাবটি

151

সাইফ হাসান: ডাউন সিনড্রোমে আক্রান্ত এক তরুণী ঘোড়সওয়ার নিজ উদ্যোগে প্রিয় রাইডিং ক্লাবটিকে বন্ধ হওয়া থেকে রক্ষা করেছেন। ইংল্যান্ডের নর্থ সামারসেটের রেবেকা আইলস ২২ বছর ধরে ক্লাবটির সঙ্গে যুক্ত। তিনি বিভিন্ন কার্যক্রমে অংশ নিয়ে ২,৫০০ পাউন্ড সংগ্রহ করেন। এই অর্থে ‘ক্ল্যাভারহ্যাম অ্যান্ড উইনফোর্ড রাইডিং ফর দ্য ডিজেবল্ড অ্যাসোসিয়েশন’ ক্লাবটি অন্তত আগামী এক বছর চালিয়ে যেতে পারবে।

২৬ বছর বয়সী রেবেকা সম্প্রতি এক ফান্ডরেইজিং ডে-তে সাঁতার, নাচ, বক্সিং, সাইকেল রাইড ও পনি রাইডে অংশ নেন। তার বন্ধু, পরিবারের সদস্য ও পরিচিতজনরা স্পনসর হয়ে তাকে সহায়তা করেন। তিনি বলেন, “আমি এখানে এসে খুব শান্তি পাই, এটা আমার ভালোবাসা। সবাইকে ধন্যবাদ যারা আমাকে সাহায্য করেছেন।”

ক্লাবটি গ্রীষ্মে ঘাসের ঘাটতির কারণে অতিরিক্ত ঘোড়ার খাবার কিনতে গিয়ে আর্থিক সংকটে পড়ে। রেবেকার উদ্যোগেই এখন সেটি নতুন উদ্যমে টিকে থাকার আশা করছে।

রেবেকার মা সারা আইলস কয়েক বছর আগে ক্লাবটির ট্রাস্টি ও কমিটির সদস্য হন। তিনি বলেন, “প্রতিষ্ঠাতা রিটা লুইস সব সময় চেষ্টা করেছেন যেন এটি সবার জন্য সাশ্রয়ী থাকে। অনেক বছর ধরে তিনি রাইডারদের কাছ থেকে কোনো ফি নেননি।”

৮৮ বছর বয়সী রিটা লুইস গত ৪৪ বছর ধরে ক্লাবটি পরিচালনা করছেন। তিনি জানান, “রেবেকার এই উদ্যোগ আমাদের জন্য আশীর্বাদ। চার বছর বয়স থেকে আমি তাকে চিনি, সে জীবনে যা চেয়েছে তাই অর্জন করেছে। তার আর মায়ের অবদান আমাদের আগামী বছরের পথ অনেক সহজ করে দিয়েছে।”