দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে একা রেললাইন পেরোতে বাধ্য, তীব্র সমালোচনা যুক্তরাজ্যে

129

সাইফ হাসান: ব্রিটেনের সোমারসেটের ইয়োভিল পেন মিল স্টেশনে ভয়াবহ এক অভিজ্ঞতার শিকার হয়েছেন দৃষ্টিপ্রতিবন্ধী নারী ক্যাথ ভিকারি। স্টেশন কর্মীদের সাহায্য না পেয়ে তিনি একাই রেললাইন পেরিয়ে ট্রেনে উঠতে বাধ্য হন। ঘটনাটি ঘটে গত আগস্টে, যখন নির্ধারিত সহায়তা কর্মীরা উপস্থিত ছিলেন না। এই ঘটনার পর তিনি ভয়ের কারণে আর একা ট্রেনে যাতায়াত করতে পারছেন না। এখন তিনি স্টেশনে পর্যাপ্ত কর্মী নিয়োগের দাবিতে আবেদন জানিয়েছেন।

ক্যাথ ভিকারি ছড়ির সাহায্যে হাঁটেন এবং স্টেশনে চলাফেরার জন্য আগেই সহায়তা বুক করে রাখেন। তিনি জানান, সেদিন টিকিট কাউন্টার বন্ধ ছিল, ফলে কাউকে খুঁজে পাওয়া যায়নি। সহায়তা কল সেন্টারে ফোন দিয়েও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষমেশ এক যাত্রীর সহায়তায় দ্রুত দৌড়ে ট্র্যাকে ওঠে অন্য পাশে গিয়ে ট্রেনে উঠতে হয়। তিনি বলেন, “পুরো ঘটনাটা ভীষণ ভয়ানক ছিল, এখনো সেই আতঙ্ক কাটেনি।”

গ্রেট ওয়েস্টার্ন রেলওয়ে (জিডব্লিউআর) ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং জানিয়েছে, কর্মী সংকটের কারণে কিছু স্টেশনে নির্ধারিত সময়ের মধ্যে স্টাফ না থাকার সমস্যা হচ্ছে। সংস্থাটি বলেছে, তারা কর্মীসংখ্যা বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে যাতে প্রতিবন্ধী যাত্রীরা নিরাপদভাবে ভ্রমণ করতে পারেন।

ইয়োভিল পেন মিল স্টেশনে একটি সিঁড়িওয়ালা ফুটব্রিজ থাকলেও কর্মীরা চাইলে র‍্যাম্প ব্যবহার করে যাত্রীদের ট্র্যাক পার করিয়ে দিতে পারেন। কিন্তু সেদিন কোনো কর্মী উপস্থিত ছিলেন না। ক্যাথ জানান, তিনি নিয়মিত এই স্টেশন থেকে ব্রিস্টল ও ওয়েমাউথে চিকিৎসা ও কাজের জন্য যাতায়াত করতেন, কিন্তু এখন সেই আত্মবিশ্বাস হারিয়েছেন।

যুক্তরাজ্যের প্রতিবন্ধী সংগঠন ‘ট্রান্সপোর্ট ফর অল’ জানিয়েছে, দেশজুড়ে মাত্র ২৫ শতাংশ রেলস্টেশনে সম্পূর্ণ ধাপবিহীন (step-free) প্রবেশের ব্যবস্থা আছে এবং মাত্র ১১ শতাংশ স্টেশন সর্বক্ষণ কর্মী দ্বারা পরিচালিত হয়। সোমারসেটের ১০টি স্টেশনের মধ্যে ৪টিতে এখনো ধাপবিহীন প্রবেশের ব্যবস্থা নেই।

পরিবহন দপ্তরের এক মুখপাত্র জানান, সরকার প্রতিবন্ধীদের জন্য রেলভ্রমণ সহজ ও নির্ভরযোগ্য করতে ১০ মিলিয়ন পাউন্ড বিনিয়োগ করছে। এর মধ্যে যাত্রী সহায়তা কর্মসূচি (Passenger Assist) উন্নয়ন, নতুন অ্যাক্সেসিবিলিটি রোডম্যাপ প্রকাশ এবং প্রতিটি স্টেশনে সেবাসুবিধা সম্পর্কিত তথ্য হালনাগাদ করা অন্তর্ভুক্ত।