টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উপর নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপের ইঙ্গিত

159

লন্ডন প্রতিনিধি, ১৫ জুলাই ২০২৫: পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে চলমান অগ্রগতির পরও সরকারের পক্ষ থেকে আরও কঠোর হস্তক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রী জিম ম্যাকমাহন জানিয়েছেন, যদি কাঙ্ক্ষিত উন্নয়ন না হয়, তবে তিনি সরাসরি নিজের নিযুক্ত কমিশনারদের পাঠিয়ে কাউন্সিলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তাদের হাতে তুলে দিতে পারেন।

মন্ত্রী বলেন, “আমরা কিছু প্রাথমিক অগ্রগতি দেখতে পাচ্ছি, যা স্বাগতযোগ্য। তবে আরও উন্নয়ন না হলে, আমি ‘ইন্টারভেনশন’ বাড়িয়ে কমিশনার নিয়োগ করতে বাধ্য হবো।”

এর আগে মন্ত্রী একদল পর্যবেক্ষক পাঠিয়েছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে। যদিও কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, মন্ত্রী মনে করছেন, প্রয়োজনীয় অগ্রগতি এখনো অর্জিত হয়নি।

এদিকে কাউন্সিলের এক মুখপাত্র জানান, মন্ত্রীর মন্তব্যকে স্বাগত জানানো হয়েছে এবং তারা স্বীকার করেছেন যে, “আমাদের এখনো অনেক কাজ বাকি আছে।”

বিশ্লেষকদের মতে, যদি সরকার হস্তক্ষেপ বাড়ায়, তাহলে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্বায়ত্তশাসনের উপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।