সাইফ হাসান: ইংল্যান্ডের ডার্টমুরের আকাশে মঙ্গলবার রাতে দেখা গেছে বিরল সৌন্দর্যের এক সুপারমুন। ফটোগ্রাফার জেসন ওয়ে ধারণ করেছেন সেই মনোমুগ্ধকর দৃশ্য, যেখানে হেইটর রকসের ওপর চাঁদের আলোয় মানুষ দাঁড়িয়ে উপভোগ করছে রাতের রূপ। একই সময় কর্নওয়ালসহ বিভিন্ন স্থানে শৌখিন জ্যোতির্বিদ ও দর্শনার্থীরা আকাশ ভরে ওঠা উজ্জ্বল চাঁদটি দেখতে ভিড় করেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি গত বছরের নভেম্বরের পর প্রথম সুপারমুন।
সুপারমুন সাধারণ পূর্ণিমার চাঁদের চেয়ে বড় ও উজ্জ্বল দেখা যায়, কারণ তখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে। এ শব্দটি প্রথম ব্যবহার করেন জ্যোতিষী রিচার্ড নোল ১৯৭৯ সালে। এবারের চাঁদটি একদিকে ‘হান্টারস মুন’ নামে পরিচিত, আবার অনেকে একে ‘হারভেস্ট মুন’ও বলেন।
‘হান্টারস মুন’ নামটি এসেছে প্রাচীন ঐতিহ্য থেকে। অক্টোবরের প্রথম পূর্ণিমায় ইউরোপ ও উত্তর গোলার্ধের মানুষ শীতের প্রস্তুতিতে পশু শিকার করত এবং মাংস সংরক্ষণ করত। আর ‘হারভেস্ট মুন’ নামটি এসেছে শরৎ বিষুবের সময়ের কাছাকাছি হওয়ায়, যখন কৃষকেরা চাঁদের আলোয় রাতেও ফসল কাটতেন।
ট্রুরো ও সেন্ট আরম এলাকায় তোলা ছবিতে দেখা গেছে, গোলাকার উজ্জ্বল চাঁদটি কমলা আভায় জ্বলজ্বল করছে, যা রাতের অন্ধকার আকাশে তৈরি করেছে অপূর্ব বৈসাদৃশ্য। আকাশপ্রেমীদের জন্য এটি ছিল বছরের অন্যতম মনোমুগ্ধকর দৃশ্য, যা বহু মানুষ তাদের ক্যামেরায় বন্দি করেছেন।















