সাইফ হাসান:ইংল্যান্ডের মিল্টন কেইন্সে অনুষ্ঠিত স্মার্ট সিটি রোবটিক্স প্রতিযোগিতায় কেনাকাটার কেন্দ্রই রোবটের মাঠে পরিণত হয়েছিল। তিন দিনব্যাপী এ আয়োজনে অংশ নেয় কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়, কিংস কলেজ লন্ডন, শেফিল্ড, নটিংহামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রতিষ্ঠান সুইফট রোবটিক্স।
প্রতিযোগিতায় রোবটদের নানা কাজে সক্ষমতা যাচাই করা হয়—ক্যাফেতে কফি অর্ডার নেওয়া ও পরিবেশন, দরজা খোলা, বাসায় জিনিসপত্র আনা, শপিং প্যাক করা থেকে শুরু করে ড্রোন দিয়ে ওষুধ সরবরাহ পর্যন্ত। এর মধ্যে কেমব্রিজের মোজাইক দল কফি চ্যালেঞ্জে জয়ী হয় এবং ক্র্যানফিল্ড বিশ্ববিদ্যালয়ের দল দরজা ও শপিং বিভাগে প্রথম হয়। তবে কিছু চ্যালেঞ্জ কেউই সম্পূর্ণ করতে পারেনি।
প্রতিযোগিতায় অংশ নেওয়া মিল্টন কেইন্স কলেজের ছাত্রী আনা হোলোওয়ে বলেন, “আজ রোবট ভ্যাকুয়াম আছে, কিন্তু ১০ বছর পর পরিস্থিতি পুরোপুরি বদলে যেতে পারে। এ কারণেই রোবটিক্স এত মজার।”
স্থানীয় কাউন্সিলর শানিকা মাহেন্দ্রন জানান, শহরটিতে প্রায় আড়াই হাজার প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে এবং তিন ভাগের এক ভাগ চাকরি প্রযুক্তি-সম্পর্কিত। তিনি বলেন, “মিল্টন কেইন্স যুক্তরাজ্যের টেকনোলজি করিডরের হৃদয়ে অবস্থিত। আমাদের অর্থনীতি স্থানীয় ও জাতীয়ভাবে বিলিয়ন পাউন্ড অবদান রাখছে।”
স্মার্ট সিটি কনসালটেন্সি আয়োজিত এই প্রতিযোগিতা ইউরোপীয় রোবটিক্স লিগের অংশ, যা প্রযুক্তি ও উদ্ভাবনে তরুণদের উৎসাহিত করার লক্ষ্যেই আয়োজন করা হয়।














