‘নতুনভাবে গড়ে তোলা হবে ব্রিটেন’ অ্যান্ডি বার্নহ্যামের অঙ্গীকার

57

যুক্তরাজ্যের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে আলোচনায় থাকা অ্যান্ডি বার্নহাম দেশজুড়ে ক্ষমতা বিকেন্দ্রীকরণের মাধ্যমে ব্রিটেনকে নতুনভাবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন। ম্যানচেস্টারে এক অর্থনৈতিক ভাষণে তিনি জানান, স্থানীয় সরকার ও মেয়রদের হাতে আরও বেশি ক্ষমতা ও অর্থায়ন দেওয়া হবে, যাতে তারা নিজ নিজ এলাকার সমস্যা দ্রুত সমাধান করতে পারেন।

বার্নহাম বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এলাকাগুলোকে উন্নয়নের মূলধারায় আনতে ‘ডেভল্যুশন’ বা ক্ষমতা বিকেন্দ্রীকরণই হবে তার সরকারের প্রধান অগ্রাধিকার। তার পরিকল্পনায় স্থানীয় কর্তৃপক্ষকে ব্যবসায়িক কর থেকে অর্জিত অতিরিক্ত আয়ের পুরোটা নিজেদের এলাকায় বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাবও রয়েছে।

তিনি আরও দাবি করেন, বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তাই কর্মজীবী মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে আরও ভারসাম্যপূর্ণ ও স্থানীয় জনগণের চাহিদাভিত্তিক শাসনব্যবস্থা গড়ে তোলাই হবে তার লক্ষ্য।