পোর্টল্যান্ডে আশ্রয়প্রার্থীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে কমিউনিটি সাজা

45

সাইফ হাসান: যুক্তরাজ্যে আশ্রয়প্রার্থী হিসেবে থাকা এক ব্যক্তিকে কিশোরীকে যৌন হামলার দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। ৪৮ বছর বয়সী মোফাত কনোফিলিয়া ডরসেটের পোর্টল্যান্ড হারবারে থাকা আশ্রয়প্রার্থীদের বার্জ বিবি স্টকহোমে বসবাসকালে ওয়েমাউথ সৈকতে ১৭ বছর বয়সী এক কিশোরীর ওপর হামলা চালান।

পুল ম্যাজিস্ট্রেটস’ কোর্টে শুনানিতে বলা হয়, তিনি কথোপকথনের সময় জোরপূর্বক দুইবার কিশোরীকে চুমু খান, যদিও ভুক্তভোগী বারবার ‘না’ বলছিলেন। আদালত তাকে ১৮ মাসের কমিউনিটি অর্ডার, ১০০ দিনের অ্যালকোহল পর্যবেক্ষণ ও ৬০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে কাজ করার দণ্ড দিয়েছেন।

কনোফিলিয়া অভিযোগ অস্বীকার করলেও শেষ পর্যন্ত দোষী সাব্যস্ত হন। বর্তমানে তিনি কোভেন্ট্রির একটি আশ্রয়কেন্দ্রে আছেন। আদালতে তিনি জানান, তিন বছর আগে যুক্তরাজ্যে আসেন এবং দেশের সহায়তার জন্য কৃতজ্ঞ।

ওই সময় বিবি স্টকহোমে প্রায় ৫০০ পুরুষ আশ্রয়প্রার্থী থাকতেন। তবে ২০২৪ সালে লেবার সরকার ক্ষমতায় আসার পর বার্জটি বন্ধ করে দেওয়া হয়।