ব্রিস্টলের সোলার ফার্মে ১৫ অবৈধ শ্রমিক আটক, নিয়োগদাতার জরিমানা হতে পারে লাখো পাউন্ড

105

সাইফ হাসান: ব্রিস্টলের গোল্ডবেক সোলার ফার্মে অভিযান চালিয়ে ১৫ জন অবৈধ নির্মাণশ্রমিককে আটক করেছে যুক্তরাজ্যের ইমিগ্রেশন এনফোর্সমেন্ট টিম। এর মধ্যে ৪ জনকে দেশ থেকে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে, আর বাকি ১১ জনকে কড়াকড়ি শর্তে ইমিগ্রেশন বেইলে রাখা হয়েছে। আটক শ্রমিকরা মূলত কাজাখস্তান, তুরস্ক, জর্জিয়া, উজবেকিস্তান, কিরগিজস্তান ও তাজিকিস্তানের নাগরিক।

হোম অফিস জানিয়েছে, আটককৃতদের মধ্যে ১৩ জন অস্থায়ী ওয়ার্ক ভিসায় যুক্তরাজ্যে প্রবেশ করেছিলেন এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে আশ্রয় আবেদন করেছিলেন। এর মধ্যে ১০টি আবেদন এখনো চলমান, আর ৩টি ইতোমধ্যেই বাতিল হয়েছে। একজন ভিজিটর ভিসায় এসে আশ্রয়ের আবেদন করেন, অন্য একজন তুর্কি ব্যবসায়িক ভিসায় প্রবেশ করে শর্ত ভঙ্গ করে কাজ করছিলেন।

সরকারি নিয়ম অনুযায়ী অবৈধ শ্রমিক নিয়োগের দায়ে নিয়োগদাতাকে প্রতি জনের জন্য প্রথমবারে সর্বোচ্চ ৪৫ হাজার পাউন্ড এবং পুনরাবৃত্তিতে ৬০ হাজার পাউন্ড পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। গোল্ডবেক সোলার ফার্মকে এ বিষয়ে বিবৃতি দেওয়ার জন্য বিবিসি যোগাযোগ করেছে।

বর্ডার সিকিউরিটি ও ইমিগ্রেশন মন্ত্রী ডেম অ্যাঞ্জেলা ঈগল বলেন, অবৈধ শ্রমিকদের জন্য যুক্তরাজ্যে আর কোনো জায়গা নেই। তার ভাষায়, “শহরের কেন্দ্র থেকে গ্রামীণ খামার—যেখানেই হোক, আইন ভঙ্গকারীদের জন্য কোনো আশ্রয় থাকবে না।” তিনি আরও জানান, সরকার ইতোমধ্যেই জুলাই ২০২৪ থেকে ৩৫ হাজারের বেশি অবৈধভাবে অবস্থানকারীদের ফেরত পাঠিয়েছে।