যুক্তরাজ্যে হাউস প্রাইসে অপ্রত্যাশিত পতন, চাপে ক্রেতারা

150

সাইফ হাসান: উচ্চ মর্টগেজ খরচের কারণে আগস্টে যুক্তরাজ্যের গড় বাড়ির দাম সামান্য কমেছে। ন্যাশনওয়াইড বিল্ডিং সোসাইটির তথ্য অনুযায়ী, জুলাইয়ের তুলনায় ০.১% কমে আগস্টে বাড়ির গড় দাম দাঁড়িয়েছে £২৭১,০৭৯। অর্থনীতিবিদরা যেখানে দাম বাড়বে বলে আশা করেছিলেন, সেখানে এই পতন বাজারকে অবাক করেছে।

বার্ষিক হাউস প্রাইস গ্রোথও কমে আগস্টে দাঁড়িয়েছে ২.১%-এ, যা জুলাইয়ে ছিল ২.৪%। ন্যাশনওয়াইডের প্রধান অর্থনীতিবিদ রবার্ট গার্ডনার জানান, উচ্চ ঋণ খরচ ক্রেতাদের বাজেট সংকুচিত করছে। গড়ে প্রথমবারের ক্রেতাদের ২০% ডিপোজিট দিয়ে মর্টগেজ নিলে মাসিক আয়ের ৩৫% ব্যয় হচ্ছে, যেখানে দীর্ঘমেয়াদি গড় ৩০%।

ব্যাংক অব ইংল্যান্ড আগস্টে সুদের হার ০.২৫% কমিয়ে ৪%-এ নামালেও মর্টগেজ খরচ এখনও চাপে রেখেছে। আগস্ট শেষে দুই বছরের স্থায়ী মর্টগেজ রেট ছিল ৪.৯৬% এবং পাঁচ বছরের জন্য ৫%।

তবে ব্যাংক অব ইংল্যান্ডের নতুন নির্দেশনার পর কিছু ঋণদাতা প্রথমবারের ক্রেতাদের বেশি ঋণ দিচ্ছে। সোমবার এইচএসবিসি নতুন লোন-টু-ইনকাম (LTI) সীমা বাড়িয়ে ৫.৫ গুণ করেছে, যা আগে ছিল ৪.৪৯।

এদিকে শরতের বাজেটে সম্পত্তি কর বাড়ানোর সম্ভাবনা বাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। বিশেষজ্ঞরা বলছেন, £৫ লাখের বেশি মূল্যের বাড়ির উপর নতুন কর চালু হলে লন্ডন ও দক্ষিণ-পূর্বে চাহিদা ধীর হতে পারে।

জুলাইয়ে গৃহঋণ অনুমোদন বেড়ে ৬৫,৪০০-তে পৌঁছেছে, যা জানুয়ারির পর সর্বোচ্চ। তবে মুদ্রাস্ফীতি ৩.৮%-এ ওঠায় ব্যাংক অব ইংল্যান্ড সতর্ক করেছে যে সুদের হারের আরও কাটছাঁট হয়তো তাড়াতাড়ি হবে না।