যুক্তরাজ্যে রেকর্ড গরমের গ্রীষ্ম, জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট

163

সাইফ হাসান: ২০২৫ সালের গ্রীষ্ম যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ হয়েছে বলে জানিয়েছে মেট অফিস। জুন, জুলাই ও আগস্ট মিলিয়ে গড় তাপমাত্রা ছিল ১৬.১°C, যা ২০১৮ সালের আগের রেকর্ড ১৫.৭৬°C কে ছাড়িয়ে গেছে। এ নিয়ে রেকর্ড করা সবচেয়ে উষ্ণ পাঁচটি গ্রীষ্মই ঘটল ২০০০ সালের পর।

বিশেষজ্ঞরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই এ ধরনের উষ্ণতা ৭০ গুণ বেশি সম্ভাব্য হয়েছে। মেট অফিসের ড. মার্ক ম্যাককার্থি জানান, স্বাভাবিক আবহাওয়ায় এমন একটি গ্রীষ্ম প্রায় ৩৪০ বছরে একবার ঘটার কথা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা পাঁচ বছর অন্তর ঘটতে পারে।

এই গ্রীষ্মে চারটি তাপপ্রবাহ আঘাত হানে, যেখানে একাধিক দিনে তাপমাত্রা ৩০°C ছাড়িয়েছে। ১ জুলাই কেন্টের ফেভারশামে সর্বোচ্চ ৩৫.৮°C রেকর্ড হয়। যদিও এটি ২০২২ সালের সর্বোচ্চ ৪০.৩°C থেকে কম। জুন মাস একাই ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে উষ্ণ জুন ছিল।

খরার কারণে ইংল্যান্ডে পানি সংকট দেখা দিয়েছে এবং অনেক এলাকায় হোসপাইপ ব্যান জারি হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বসন্তের শুষ্ক মাটি, উচ্চচাপ বলয় এবং অস্বাভাবিক উষ্ণ সমুদ্র এ গরমকে দীর্ঘায়িত করেছে।

বিজ্ঞানীরা সতর্ক করেছেন, ভবিষ্যতে এর চেয়েও বেশি উষ্ণ গ্রীষ্ম যুক্তরাজ্যে নিয়মিত হতে পারে।