সাইফ হাসান: ২০২৩ সালে উবারের “ডায়নামিক প্রাইসিং” অ্যালগরিদম চালুর পর চালকদের প্রতি ঘণ্টার আয় উল্লেখযোগ্যভাবে কমেছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায় দেখা গেছে, উবার এখন ভাড়ার ২৯% নিচ্ছে, কিছু ক্ষেত্রে ৫০%-এর বেশি। এই পরিবর্তনের সঙ্গে ভাড়াও বেড়েছে, কিন্তু চালকরা উপকৃত হননি।
২৫৮ জন ইউকে উবার চালকের ১.৫ মিলিয়ন ট্রিপের তথ্য বিশ্লেষণ করে গবেষকরা জানান, আগে উবার ভাড়ার ২০% নিত, যা পরে ২৫%-এ উঠে। ২০২৩ সালে নতুন অ্যালগরিদম চালুর পর এটি ২৯%-এ পৌঁছেছে। উচ্চ ভাড়ার ট্রিপে উবার ৩৮% বেশি আয় করে। গড় ঘণ্টায় আয় £২৯.৪৬ (উবারের সংজ্ঞা অনুযায়ী) বা £১৫.৯৮ (অপেক্ষার সময়সহ), যেখানে গাড়ির রক্ষণাবেক্ষণ, বীমা বা জ্বালানি খরচ বাদ দেওয়া হয়নি।
ইউনিয়নগুলো ২০২৩ সালে এই পদক্ষেপের সমালোচনা করে বলেছিল, অ্যালগরিদমে স্বচ্ছতার অভাব এবং এটি চালকদের কম ভাড়া গ্রহণে বাধ্য করতে পারে। গবেষণায় বলা হয়েছে, “যাত্রীরা বেশি ভাড়া দিচ্ছেন, কিন্তু চালকদের আয় বাড়েনি।” একজন চালক বলেন, “যাত্রীরা যখন তাদের দেওয়া ভাড়ার কথা বলেন, তখন বুঝতে পারি উবার আমাদের এবং যাত্রীদের কাছ থেকে বেশি নিচ্ছে।”
উবার দাবি করেছে, তারা এই প্রতিবেদনের তথ্য স্বীকার করে না এবং চালকরা কমপক্ষে জাতীয় জীবিকা মজুরি পান। ২০২৫ সালের জানুয়ারি-মার্চে চালকরা ১ বিলিয়ন পাউন্ড আয় করেছেন, যা আগের বছরের তুলনায় বেশি। উবার বলছে, “চালকরা আমাদের সঙ্গে কাজ করেন কারণ আমরা সময়ের নমনীয়তা ও ট্রিপের আয়ের স্বচ্ছ বিভাজন দিই।” তবে ২০২১ সালে সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, উবার চালকরা ন্যূনতম মজুরি ও ছুটির অধিকারী।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















