স্টারমারের বাড়িতে আগুন! লন্ডনে সন্দেহভাজন হামলাকারী আটক

22

সাইফ হাসান:যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি স্থানে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় এক ২১ বছর বয়সী যুবককে আটক করেছে পুলিশ। তদন্তকারীরা ধারণা করছেন, এসব ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। স্টারমারের পুরনো বাড়ি, একটি পূর্ববর্তী মালিকানাধীন ফ্ল্যাট ও পুরনো গাড়িকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি তবে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। তদন্তে নেতৃত্ব দিচ্ছে স্কটল্যান্ড ইয়ার্ডের কাউন্টার-টেরোরিজম ইউনিট।

লন্ডনের সাইডেনহ্যাম এলাকার একটি ঠিকানা থেকে সোমবার ভোরে এই যুবককে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে “জীবন হুমকির উদ্দেশ্যে অগ্নিসংযোগ”-এর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন এবং তার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।

প্রধানমন্ত্রীর উত্তর লন্ডনের কেনটিশ টাউন এলাকায় অবস্থিত পারিবারিক বাড়ির সামনে সোমবার ভোর ১টা ৩৫ মিনিটে আগুন লাগে। লন্ডন ফায়ার সার্ভিস বিষয়টি পুলিশকে জানায়। এ ছাড়াও একই রাস্তায় গত বৃহস্পতিবার একটি গাড়িতে আগুন ও রবিবার উত্তর লন্ডনের আরেকটি ঠিকানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

কিয়ার স্টারমার বর্তমানে ডাউনিং স্ট্রিটে বসবাস করলেও তার চার শয়নকক্ষের ওই বাড়িটি তিনি তার শ্যালিকার পরিবারকে ভাড়া দিয়েছেন, যার ভাড়া খুবই সামান্য। যদিও এটি মন্ত্রীদের স্বার্থঘোষণা নিবন্ধে অন্তর্ভুক্ত, সংসদ সদস্যদের নিবন্ধে এটি প্রয়োজন হয়নি কারণ বাৎসরিক আয় ১০ হাজার পাউন্ডের নিচে।

মেট্রোপলিটন পুলিশের কাউন্টার-টেরোরিজম কমান্ডের প্রধান কমান্ডার ডমিনিক মারফি জানান, “আমরা দ্রুত তদন্ত চালাচ্ছি এবং বিভিন্ন দিক বিবেচনা করছি। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো — এই তিনটি ঘটনাই কি একজন ব্যক্তির উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ড?”

ঘটনার পর প্রধানমন্ত্রী স্টারমার জরুরি সেবা বিভাগকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার মুখপাত্র জানিয়েছেন, এটি একটি চলমান তদন্ত হওয়ায় তিনি বিস্তারিত মন্তব্য করবেন না। স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার বলেন, “আমি তদন্ত সম্পর্কে অবগত আছি, তবে এখন কিছু বলার সময় নয়।” কনজারভেটিভ নেত্রী কেমি ব্যাডেনচ বলেন, “এটি আমাদের গণতন্ত্রের ওপর আঘাত। এমন হুমকি মেনে নেওয়া যায় না।”

এ ঘটনায় সংসদ সদস্যদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং তাদেরকে নিরাপত্তা বিষয়ক সরকারি কর্মসূচি ‘অপারেশন ব্রিজার’-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian