সাইফ হাসান: লন্ডনের কেন্টিশ টাউনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মালিকানাধীন একটি বাড়িতে সোমবার ভোরে আগুন লাগার ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।
লন্ডন ফায়ার ব্রিগেডের একজন মুখপাত্র বলেছেন, “আজ সকালে কেন্টিশ টাউনে একটি সম্পত্তির বাইরে ছোটখাটো আগুনের খবরে ফায়ারফাইটাররা ঘটনাস্থলে যান। ব্রিগেডকে সকাল ১টা ১১ মিনিটে ডাকা হয় এবং ১টা ৩৩ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।” নং ১০-এর একজন মুখপাত্র বলেছেন, “প্রধানমন্ত্রী জরুরি সেবা কর্মীদের তাদের কাজের জন্য ধন্বাদ জানিয়েছেন। এই ঘটনার তদন্ত চলছে, তাই আমরা আর কোনো মন্তব্য করব না।”
সোমবার ভোর ১টা ৩৫ মিনিটে লন্ডন ফায়ার ব্রিগেডের মাধ্যমে পুলিশ আগুনের খবর পায়। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখে বাড়ির প্রবেশপথের দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি। কেন্টিশ টাউন ফায়ার স্টেশন থেকে দুটি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে এবং লন্ডন ফায়ার ব্রিগেডের তদন্তকারীরাও উপস্থিত ছিলেন।
কিয়ার স্টারমার, যিনি তার পরিবারের সঙ্গে ডাউনিং স্ট্রিটে থাকেন, এই চার কক্ষের সম্পত্তিটি ভাড়া দিয়েছেন ২০০৪ সালে তিনি এবং তার স্ত্রী ভিক্টোরিয়া এই বাড়িটি কিনেছিলেন। এর আগেও এই সম্পত্তি বিক্ষোভকারীদের লক্ষ্যবস্তু হয়েছিল। গত বছর ফিলিস্তিনপন্থী একটি বিক্ষোভের সময় তিনজনকে জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়।
এই ঘটনার দিন সকালে স্টারমার অভিবাসন নিয়ম কঠোর করার জন্য সরকারের পরিকল্পনা ঘোষণা করেন। পুলিশ ও ফায়ার ব্রিগেড এই ঘটনার কারণ অনুসন্ধান করছে, তবে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। এই ঘটনা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে।
এই প্রতিবেদনের সূত্র: he Guardian














