লকডাউনে গর্ভপাতের ওষুধ খাওয়া নারী অব্যাহতি পেলেন: আইনের সংস্কার জরুরি!

117

সাইফ হাসান: যুক্তরাজ্যের এক নারী, নিকোলা প্যাকার (৪৫), লকডাউনের সময় গর্ভপাতের ওষুধ সেবনের পর অবৈধ গর্ভপাতের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন। এই ঘটনা ইংল্যান্ড ও ওয়েলসের গর্ভপাত আইনের পুরোনো এবং ক্ষতিকর দিকগুলো তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, এখনই এই আইনের সংস্কার প্রয়োজন।

২০২০ সালের নভেম্বরে লকডাউনের মধ্যে নিকোলা প্যাকার দূরবর্তী পরামর্শের পর মিফেপ্রিস্টোন এবং মিসোপ্রোস্টল নামে গর্ভপাতের ওষুধ সেবন করেন। এই ওষুধগুলো জরুরি মহামারী আইনে°অধীনে ডাকযোগে পাঠানো হয়েছিল, যা ১০ সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থায় ব্যবহারের জন্য অনুমোদিত। কিন্তু আদালতে শোনা যায়, নিকোলা যখন ওষুধ সেবন করেন, তখন তার গর্ভের ভ্রূণ প্রায় ২৬ সপ্তাহের ছিল। তিনি ভ্রূণটি জন্ম দেন এবং তা নিয়ে লন্ডনের চেলসি অ্যান্ড ওয়েস্টমিনস্টার হাসপাতালে যান। সেখানে তাকে গ্রেপ্তার করা হয় এবং তার বিরুদ্ধে “নিজের গর্ভপাত ঘটানোর উদ্দেশ্যে বিষাক্ত পদার্থ সেবন” এর অভিযোগ আনা হয়।

আইলওয়ার্থ ক্রাউন কোর্টে দুই সপ্তাহের বিচারের পর, নয়জন নারী ও তিনজন পুরুষের জুরি সর্বসম্মতভাবে নিকোলাকে নির্দোষ ঘষণা করে। তার আইনজীবী ফিওনা হরলিক কেসি আদালতে বলেন, “এই ঘটনা একটি ট্র্যাজেডি, কিন্তু এটি অপরাধ নয়। নিকোলা এই অপরাধে দোষী নন।” তিনি আরও বলেন, “নিকোলার জন্য এটা কতটা মর্মান্তিক ছিল, তা কল্পনা করা কঠিন। তিনি ভেবেছিলেন শুধু রক্তপাত হবে, কিন্তু টয়লেটে একটি পূর্ণাঙ্গ ভ্রূণ দেখেন। চার বছর পরও তিনি এই ঘটনায় গভীরভাবে আঘাতপ্রাপ্ত।”

নিকোলার মামলাটি প্রায় সাড়ে চার বছর ধরে চলেছে। এই সময়ে তার ব্যক্তিগত জীবন, চিকিৎসা ইতিহাস, এমনকি গোপনীয় ছবিও আদালতে প্রকাশ করা হয়েছে। বিচারের সময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং জুির রায় ঘোষণার সময় চোখ মুছতে দেখা যায়। আদালতের পাবলিক গ্যালারিতে তার পাঁচজন সমর্থক উপস্থিত ছিলেন।

ব্রিটিশ প্রেগন্যান্সি অ্যাডভাইজরি সার্ভিসের কেটি স্যাক্সন বলেন, “একজন নারী যিনি মানসিক আঘাতের পর চিকিৎসা সহায়তা চেয়েছিলেন, তাকে দীর্ঘ পুলিশ তদন্ত ও জনসমক্ষে বিচারের মুখোমুখি হতে হয়েছে। এটা কখনোই জনস্বার্থের পক্ষে নয়।” রয়্যাল কলেজ অফ অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টসের প্রেসিডেন্ট ডা. রানি থাকার বলেন, “ইংল্যান্ড ও ওয়েলসের সীমাবদ্ধ গর্ভপাত আইন নারীদের ভয়, কলঙ্ক এবং অপরাধীকরণের পরিবেশে ঠেলে দে়। নিকোলার মামলা দেখায় এই আইন কতটা পুরোনো এবং ক্ষতিকর। গর্ভপাত সংস্কার এখনই দরকার।”

বিচারক এডমন্ডস কেসি বলেন, কোভিডের কঠিন সময়ে ঘটে যাওয়া এমন ঘটনার মামলায় ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের উচিত জনস্বার্থের বিষয়টি বিবেচনা করা। এই মামলা গর্ভপাতকে অপরাধের তালিকা থেকে বাদ দেওয়ার দাবিকে আরও জোরালো করেছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian