সাইফ হাসান: যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে একটি যুগান্তকারী বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, যা ব্রিটিশ গাড়ি, ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক কমিয়ে আনবে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই চুক্তিকে “ঐতিহাসিক” হিসেবে অভিহিত করে বলেছেন, এটি হাজার হাজার চাকরি রক্ষা করবে। তবে সমালোচকদের মতে, এখনো অনেক উচ্চ শুল্ক বহাল রয়েছে।
গত বৃহস্পতিবার (৮ মে ২০২৫) সন্ধ্যায় ঘোষিত এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্টর ব্রিটিশ ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর ২৫% শুল্ক পুরোপুরি তুলে নিয়েছে। এছাড়া, প্রায় ১ লাখ ব্রিটিশ গাড়ির উপর শুল্ক ২৭.৫% থেকে কমিয়ে ১০% করা হয়েছে। স্টারমার সলিহুলের জাগুয়ার ল্যান্ড রোভার কারখানায় শ্রমিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, “এই চুক্তি গাড়ি ও ইস্পাত শিল্পের চাকরি রক্ষায় বড় ভূমিকা রাখবে।”
ট্রেড ইউনিয়ন কংগ্রেসের মহাসচিব পল নোয়াক বলেন, “এই চুক্তি আমাদের বিপদের হাত থেকে রক্ষা করেছে। অনেক শ্রমিক এখন স্বস্তির নিশ্বাস ফেলতে পারবেন।” তবে আন্তর্জাতিক চেম্বার অফ কমার্সের মহাসচিব জন ডেন্টন সত্ক করে বলেন, “যুক্তরাষ্ট্রের শুল্ক এখনো অনেক উচ্চ। ফার্মাসিউটিক্যালের মতো শিল্পের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত।”
চুক্তিতে ব্রিটিশ গরুর মাংস যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের সুযোগ পেয়েছে, যা অস্ট্রেলিয়ার মতো কয়েকটি দেশের জন্য উন্মুক্ত। একইভাবে, যুক্তরাষ্ট্রের কৃষকরা যুক্তরাজ্যের বাজারে নতুন সুযোগ পাবেন। স্টারমার জোর দিয়ে বলেন, “হরমোন-চিকিত্সা করা গরুর মাংস বা ক্লোরিনযুক্ত মুরগি আমদানি নিষিদ্ধ থাকবে। খাদ্যের মানে কোনো ছাড় দেওয়া হবে না।”
তবে ব্রিটিশ কৃষকদের প্রতিনিধি টম ব্র্যাডশ বলেন, “যুক্তরাষ্ট্রের গরুর মাস নিম্নমানের হতে পারে, এটা আমাদের জন্য উদ্বেগের।” এদিকে, কনজারভেটিভ নেত্রী কেমি বাডেনক চুক্তির সমালোচনা করে বলেন, “লেবার পার্টি আলোচনায় ব্যর্থ হয়েছে। আমরা শুল্ক কমিয়েছি, কিন্তু আমেরিকা তাদের শুল্ক তিনগুণ করেছে।”
চুক্তির আলোচনা শেষ পর্যায়ে গিয়ে বিশৃঙ্খলা দেখা দেয়। বুধবার রাতে ট্রাম্প চুক্তি চূড়ান্ত করতে প্রস্তুত হলে ব্রিটিশ কর্মকর্তারা তড়িঘড়ি ঘোষণার প্রস্তুতি নেন। স্টারমার বলেন, “আমি জানতাম না এটি ঠিক কবে হবে। গত রাতে আর্সেনাল বনাম পিএসজি ম্যাচের মাঝখানে ট্রাম্পের সঙ্গে ফোনে কথা হয়।”
যুক্তরাজযের ব্যবসা ও বাণিজ্য সচিব জোনাথন রেনল্ডস বলেন, “এটি একটি সূচনা। আমরা ১০% বেসলাইন শুল্ক কমাতে কাজ চালিয়ে যাব।” চুক্তিতে ডিজিটাল সার্ভিস ট্যাক্স বা এনএইচএস-এর উপর কোনো ছাড় দেওয়া হয়নি।
এই চুক্তি যুক্তরাজ্যকে ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক ঘোষণার পর প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে প্রবেশের সুযোগ করে দিয়েছে। যুক্তরাষ্ট্র এখন ভারত ও জাপানের মতো দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















