সুইনফেন হল কারাগারে রক্তাক্ত হামলা, অফিসারকে ছুরিকাঘাত! কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ হারানোর অভিযোগ

258

সাইফ হাসান:যুক্তরাজ্যের স্ট্যাফোর্ডশায়ারের সুইনফেন হল কারাগারে চরম সহিংসতা ও অরাজকতার অভিযোগ উঠেছে। ব্রিটেনের প্রিজন অফিসার্স অ্যাসোসিয়েশন (POA) জানিয়েছে, কারাগারে এক পুরুষ প্রহরীকে মাথায় ছুরিকাঘাত করা হয়েছে এবং আরও দুই নারী কর্মকর্তাকে ঘুষি মেরে আহত করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, যখন কারাগারটিতে বিশৃঙ্খলার তৃতীয় দফা বিস্ফোরণ ঘটে।

সংগঠনটি জানায়, আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বন্দিরা একজ কর্মকর্তাকে জিম্মি করার চেষ্টাও করেছিল। ঘটনাস্থল HMP Swinfen Hall, যেখানে সাধারণত ১৮ থেকে ২৮ বছর বয়সী ৬০০ জন পুরুষ বন্দি থাকে, যারা ৪ বছর থেকে শুরু করে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত।

POA-এর জাতীয় সভাপতি মার্ক ফেয়ারহার্স্ট বলেন, “এটি কোনো ছোটখাটো ঘটনা ছিল না। এক কর্মকর্তা ছুরিকাহত হয়েছেন এবং তাকে পায়ের নিচে পিষে ফেলা হয়। আরেকজনকে প্রায় জিম্মি করা হচ্ছিল। উদ্ধার করতে আসা দুই নারী কর্মকর্তাকেও হাসপাতালে পাঠাতে হয়েছে।”

তিনি আরও বলেন, “এই কারাগারে নেতৃস্থানীয়রা স্পষ্টত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। এখন দরকার সম্পর্ণ লকডাউন করে অবৈধ অস্ত্র ও জিনিসপত্র উদ্ধার এবং কারাগারের নিয়ম-কানুন ঢেলে সাজানো।”

কারা কর্তৃপক্ষ জানায়, মার্চ মাসেও ২০ জন বন্দির মধ্যে মারামারি হয় এবং এক প্রহরীকে পুল কিউ দিয়ে আঘাত করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তখন জরুরি ভিত্তিতে বন্দি স্থানান্তর করতে হয়।

এছাড়া ২১ মার্চ ও ২৮ মার্চেও দুইটি বড় সহিংস ঘটনা ঘটে। এক বন্দি গুরুতর আহত হয়ে ট্রমা কেয়ারে ছিলেন এবং আরেকজনকে ছুরিকাঘাত করা হয়।

সম্প্রতি তরুণ বন্দিদের সহিংসতা বেড়ে যাওয়ায় ব্রিটিশ বিচারমন্ত্রী শাবানা মাহমুদ ১৫ থেকে ১৮ বছর বয়সীদের বিরুদ্ধে কৃত্রি মরিচ স্প্রে (PAVA) ব্যবহারের অনুমতি দিয়েছেন। পাশাপাশি উচ্চ নিরাপত্তার কারাগারগুলোতে টেজার ব্যবহারের পরীক্ষামূলক উদ্যোগ, কারা কর্মকর্তাদের স্ট্যাব-প্রুফ ভেস্ট দেওয়ার পর্যালোচনা ও বিচ্ছিন্ন ইউনিটের বন্দিদের রান্নাঘর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এছাড়া সন্ত্রাসী হাসেম আবেদির তৈরি ছুরি ও গরম তেল দিয়ে হামলার পর তাকে লন্ডনের বেলমার্শ কারাগারে স্থানান্তর করা হয়েছে।

এই প্রতিবেদনের সূত্র: The Guardian.