স্কানথর্প ইস্পাত কারখানা বাঁচল, মাসের পর মাস চলবে ইস্পাত উৎপাদন!

97

সাইফ হাসান: যুক্তরাজ্যের স্কানথর্পের ব্রিটিশ ইস্পাত কারখানায় নতুন আশার আলো। ৫৫,০০০ টন কোকিং কয়লার একটি বড় চালান এসে পৌঁছেছে, যা কারখানার দুটি ব্লাস্ট ফার্নেস, ‘কুইন অ্যান’ ও ‘কুইন বেস’-এর জ্বালানি সরবরাহ করবে। এর ফলে হাজার হাজার শ্রমিকের চাকরি বাঁচল এবং ইস্পাত উৎপাদন অব্যাহত থাকবে।

রোববার হাম্বার নদীর ইমিংহাম টার্মিনালে এই চালান এসে পৌঁছায়। অস্ট্রেলিয়ার ব্লুস্কোপ ইস্পাত কারখানা থেকে আমদানি করা এই কয়লা রেলপথে ২০ মাইল দূরে স্কানথর্প পৌঁছাবে। আগামী সপ্তাহে সুইডেন থেকে ৬৬,০০০ টন আয়রন ওর পেলেট ও ২৭,০০০ টন নিম্নমানের আয়রন ওর আসবে।

ব্যবসা সচিব জোনাথন রেনল্ডস বলেন, “আমরা স্কানথর্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল নিশ্চিত করেছি। এতে হাজার হাজার চাকরি রক্ষা পেয়েছে। শ্রমিক ও তাদের পরিবার এখন স্বস্তির নিশ্বাস ফেলতে পারে।”

ব্রিটিশ ইস্পাতের অন্তর্বর্তী প্রধান নির্বাহী অ্যালান বেল বলেন, “আমরা ব্লাস্ট ফার্নেস চালু রাখার জন্য কাঁচামাল সংগ্রহ করেছি। আগামী মাসগুলোতে আমাদের লক্ষ্য দীর্ঘমেয়াদে কারখানার স্থিতিশীলতা নিশ্চিত করা।”

সরকার জানায়, জরুরিসরবরাহ নিশ্চিত হওয়ায় এখন ব্রিটিশ ইস্পাতের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করতে বেসরকারি তহবিল খোঁজা হচ্ছে। এর আগে চীনা মালিক জিংয়ের ফার্নেস বন্ধের পরিকল্পনা সরকারের হস্তক্ষেপে বাতিল হয়।

ইস্পাত শ্রমিক ইউনিয়নের সহকারী মহাসচিব আলাসদায়ার ম্যাকডিয়ারমিড বলেন, “ব্রিটিশ ইস্পাত ও সরকারের দ্রুত পদক্ষেপে কারখানার ভবিষ্যৎ নিশ্চিত হয়েছে।”

এই প্রতিবেদনের সূত্র: The Guardian