সাইফ হাসান: ইতালির নেপলসের কাছে মন্টে ফাইটোতে বৃহস্পতিবার একটি কেবল কার দুর্ঘটনায় ব্রিটিশ দম্পতি গ্রায়েম উইন (৬৫) এবং এলেইন উইন (৫৮) সহ চারজনের মৃত্যু হয়েছে। কাস্তেল্লাম্মারে দি স্তাবিয়া শহরে এই মর্মান্তিক ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় প্রশাসন।
দুর্ঘটনার সময় কেবল কারটি পাহাড়ে উঠছিল, হঠাৎ ট্র্যাকশন কেবল ছিঁড়ে যায়। এতে কেবল কারটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় আরও দুজন প্রাণ হারান। তাঁরা হলেন ইসরায়েলি নাগরিক জানান সুলাইমান (২৫) এবং কেবল কাের অপারেটর কার্মিনে পার্লাতো। জানানের ভাই থায়েব সুলাইমান (২৩) গুরুতর আহত অবস্থায় পন্টিচেল্লি হাসপাতালে ভর্তি।
ইউকে ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের একজন মুখপাত্র বলেন, “আমরা ইতালিতে মৃত ব্রিটিশ দম্পতির পরিবারকে সহায়তা করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি।”
ইতালির সংবাদমাধ্যম জানায়, কেবল কারের একটি সাপোর্ট কেবল ছিঁড়ে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। গত সপ্তাহে এই কেবল কার সার্ভিসের রক্ষণাবেক্ষণ করা হয়েছিল, যা ১০ দিন আগে বসন্ত ও গ্রীষ্ম মৌসুমের জন্য চালু হয়।
একজন ব্রিটিশ পর্যটক মগান পেসি (৫০) লন্ডন থেকে স্বামী ও দুই সন্তানের সঙ্গে ঘটনাস্থলে ছিলেন। তিনি বলেন, “ঘটনার এক-দুই মিনিট আগে আমরা সেখানে ছিলাম। তারা কেবল কার থেকে মানুষজনকে দড়ি দিয়ে নামাতে শুরু করে। প্রথম দুজনকে নামানোর সময় আমরা দেখেছি, তখন জরুরি পরিস্থিতির তাড়া শুরু হয়।”
মেগান আরও জানান, শুক্রবার রেলস্টেশনের সিঁড়িতে ফুল আর মোমবাতি দেখেছেন। ঘটনাস্থলে জরুরি সেবা টিম কাজ চালিয়ে যাচ্ছে।
তোরে আন্নুনজিয়াতা অঞ্চলের প্রসিকিউটররা এই ঘটনায় সম্ভাব্য হত্যা মামলার তদন্ত শুরু করেছেন।
এই প্রতিবেদনের সূত্র: The Guardian















